Khabor Ekhon
ভোটের আবহেও ব্রাত্য বিধানপল্লি, প্রচার নেই, আছে শুধু অনুন্নয়নের যন্ত্রণা
রাজ্যজুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার। নিজেদের সিংহাসন বাঁচাতে মরিয়া রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনের আগে সেই চিত্র নতুন নয়। তবে এই গতানুগতিক ছবিটা কিছুটা ব্যতিক্রম কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বিধানপল্লি গ্রামের ক্ষেত্রে। ভাঙা নড়বড়ে বাঁশের সাঁকো পার হওয়ার ভয় ভোটার থাকা সত্ত্বেও ভোট প্রচারে আসেন রাজনৈতিক দলের প্রার্থীরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, কেতুগ্রামের মূল সড়ক থেকে গ্রামে পৌঁছাতে গেলে জমির সরু আল ধরে প্রায় এক কিলোমিটারের পথ পেরোতে হয় হেঁটে। এরপর পার করতে হয় বাঁশের ভাঙা নড়বড়ে সাঁকো। বাসিন্দাদের দাবি, সারাবছর এই আলপথ ধরে যাতায়াত করা গেলেও বর্ষাকালে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়। এক হাঁটু সমান কাদা পেরিয়ে যেতে হয়। যার জেরে পথচলা দুষ্কর হয়ে ওঠে। অন্যদিকে এই সাঁকোর পাশ দিয়েই বয়ে চলেছে ব্রহ্মাণী নদী। বর্ষায় নদীতে জল বাড়লে ভেঙে যায় সেতু। সেইসময় একপ্রকার গ্রামেই বন্দিদশায় কাটাতে হয় গ্রামবাসীদের।
গ্রামবাসীদের অভিযোগ, বিধানপল্লি গ্রামে এখন ৩৫ থেকে ৪০টি পরিবারের বসবাস। যাঁদের পেশা চাষ। আগে অনেক পরিবার থাকলেও ধীরে ধীরে অন্যত্র চলে গিয়েছে সবাই। তবুও এখন ৫০০-র মতো ভোটার রয়েছে ওই গ্রামে। কিন্তু তাতে কী! যথাযথ যোগাযোগ ব্যবস্থা না থাকায় কষ্ট করে গ্রামে আসেন না রাজনৈতিক দলের নেতারা। তাই নেই কোনও রাজনৈতিক প্রচার। নেই ব্যানার, ফেস্টুন ও দেওয়াল লিখনের চর্চা। নেই কোনও কোন্দল। তবে এসব কিছুর বদলে আছে শুধু অনুন্নয়নের স্পষ্ট ছাপ। বছরের পর বছর ধরে ভাঙা রাস্তা। সেখানে গভীর গর্ত। বর্ষায় জলে ভরে থাকে সেই রাস্তা। ভেঙে যাওয়া সেতু। এমনকি নেই কোনও স্ট্রিট লাইটের ব্যবস্থাও। বাড়িতে বাড়িতে এখনও পৌঁছয়নি পানীয় জলের কল। এখানেই শেষ নয়, সেতু ভেঙে গেলে তা মেরামতের জন্য গ্রামবাসীরাই টাকা দিয়ে সারিয়ে নেন।
অভিযোগ, বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনে কাছে আবেদন করা হলেও মিলেছে শুধু প্রতিশ্রুতি। ভোট এলেও মেলে প্রতিশ্রুতি। বাস্তবে কোনও কাজই হয় না, উন্নয়ন হয় না গ্রামে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

