Khabor Ekhon
প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী

বেরিয়েছিলেন প্রচারে, এলাকাবাসীর প্রশ্নবাণে বিদ্ধ হয়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। পাল্টা প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথে। যদিও বিজেপির অভিযোগের তির, তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। প্রচারে বাধা দিয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের। প্রার্থীকে হেনস্তার প্রতিবাদে বেলদা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
শুক্রবার সকালে হেমচন্দ্র অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। এরপরই তাঁকে একপ্রকার ঘিরে ধরেন সাধারণ মানুষ। বাসিন্দাদের একাধিক প্রশ্নের মুখে পড়েন রমাপ্রসাদ। এরপরই আচমকাই মেজাজ হারিয়ে ফেলেন প্রার্থী। রীতিমতো বাসিন্দাদের ওপর চড়াও হয়ে হুমকি দিতে থাকেন বলে পাল্টা অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর প্রচারে বাধা দিয়ে তাঁকে হেনস্তা করা হয়েছে। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে চরম বচসা ও হাতাহাতি হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কার্যত মাটিতে বসে পড়েন রমাপ্রসাদ। প্রতিবাদে বিজেপির কর্মী-সমর্থকরা বেলদা থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রমাপ্রসাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। প্রচারে বাধা দিয়ে তাঁর গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। যদিও তৃণমূল প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপিই পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয় পুলিশবাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

