AB Live News
কবরে দেওয়ার মুখে কেঁদে উঠল ‘মৃত’ শিশু, নার্সিংহোমে ধুন্ধুমার
শ্যাম বিশ্বাস: (স্বরূপনগর) বিজ্ঞানের জয়যাত্রার যুগেও চিকিৎসকের চরম গাফিলতি আর মানবিকতার অপমৃত্যুর সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা। মৃত ঘোষণা করে বাক্সে ভরে দেওয়া হয়েছিল সাত মাসের এক শিশুকে। কিন্তু নিয়তি ছিল অন্য। কবরস্থ করার ঠিক আগের মুহূর্তে কাপড়ের বাঁধন ফুঁড়ে কেঁদে উঠল সেই ‘মৃত’ নবজাতক। বুধবার রাতে স্বরূপনগরের এই ঘটনায় শিউরে উঠেছে গোটা রাজ্য। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে পরিবার। স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপোলতা-বালকী গ্রামের বাসিন্দা ইয়ারব মোল্লার স্ত্রী রুবিনা পারভিন (২৮) সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১৮ মার্চ শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ শুরু হওয়ায় তাঁকে বিকেল ৪টে নাগাদ বসিরহাটের ‘মুনলাইট’ নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তড়িঘড়ি সিজার করেন চিকিৎসক বিকাশ মণ্ডল।
বিকেল ৫টা নাগাদ পরিবারের সদস্যদের ওই চিকিৎসক জানান, রুবিনা একটি মৃত কন্যাসন্তান প্রসব করেছেন। এরপর নিয়মমাফিক একটি বাক্সে কাপড় জড়িয়ে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শোকার্ত পরিবার রাত ৮টা নাগাদ শিশুটিকে নিয়ে গ্রামে ফেরে। কান্নায় ভেঙে পড়া আত্মীয়স্বজনরা তখন শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন। কবর দেওয়ার ঠিক আগে বাক্সের ঢাকনা খুলে কাপড়ের বাঁধন আলগা করতেই চমকে ওঠেন উপস্থিত সকলে। দেখা যায়, শিশুটি নড়ে উঠছে এবং মৃদু স্বরে কেঁদে ফেলছে। তড়িঘড়ি তাকে বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটি জীবিত। তবে শিশুটির পরীক্ষা করতে গিয়ে আরও ভয়ংকর তথ্য সামনে আসে। অভিযোগ, নার্সিংহোমে সিজার করার সময় চিকিৎসক বিকাশ মণ্ডল শিশুটির মাথার দুই জায়গায় এবং কানের পাশে ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষত তৈরি করেছেন।
১৯ মার্চ ভোররাতে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। চিকিৎসায় গাফিলতি এবং খুনের চেষ্টার অভিযোগ তুলে নার্সিংহোম কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন ইয়ারব মোল্লা। বর্তমানে শিশুটি বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির অবস্থা স্থিতিশীল হলেও তার এখনও চোখ ফোটেনি। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

