AB Live News
মেডিক্যাল অ্যাস্থেটিক ! আধুনিক সৌন্দর্যচর্চার বিশেষ বিজ্ঞান

বর্তমান যুগে সৌন্দর্যচর্চা আর শুধুই প্রসাধনী বা ঘরোয়া টোটকার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে চিকিৎসাবিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মেডিক্যাল অ্যাস্থেটিক। এটি এমন একটি ক্ষেত্র যেখানে বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি, আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত বিশেষজ্ঞদের মাধ্যমে ত্বক, চেহারা ও শরীরের বিভিন্ন অংশের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। সেটাও অপারেশন ছাড়াই বা খুবই কম ইনভেসিভ পদ্ধতিতে।
মেডিক্যাল অ্যাস্থেটিক কী
মেডিক্যাল অ্যাস্থেটিক হল চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষ জনপ্রিয় শাখা। যেখানে একজন বিশেষজ্ঞ নিজের পরামর্শের ভিত্তিতে নন-সার্জিক্যাল বা মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে মানুষের সৌন্দর্য বৃদ্ধি, ত্বকের সমস্যা দূর করা এবং বয়সের ছাপ কমান। এই চিকিৎসা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, বরং আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ক্ষেত্রের বিশেষজ্ঞদের বলা হয় মেডিক্যাল অ্যাস্থেটিশিয়ান বা কসমেটিক ডাক্তার। তারা ত্বকের গঠন, চেহারার সামঞ্জস্য এবং রোগীর চাহিদা অনুযায়ী বিভিন্ন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন।
কী কী পরিষেবা দেওয়া হয়
একজন মেডিক্যাল অ্যাস্থেটিক বিশেষজ্ঞ সাধারণত বিভিন্ন আধুনিক পদ্ধতির মাধ্যমে সৌন্দর্যচর্চা করেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি হল—
১. বোটক্স
বোটক্স অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে মুখের বলিরেখা ও ফাইন লাইন কমানো হয়। এটি মূলত পেশিকে সাময়িকভাবে শিথিল করে, ফলে ত্বক আগের থেকে অনেক মসৃণ দেখায়। কপাল, চোখের কোণ বা ঠোঁটের আশেপাশে এটি বেশি ব্যবহার হয়।
২. লিপ ফিলার
যারা ঠোঁটকে একটু বেশি ভরাট ও আকর্ষণীয় করতে চান, তাদের জন্য লিপ ফিলার খুবই জনপ্রিয়। বর্তমানে বিভিন্ন জনপ্রিয় অভিনেত্রী নিজেদের আরও আকর্ষণীয় করে তুলতে এটি করিয়েছেন। এতে হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করা হয়, যা স্বাভাবিকভাবেই শরীরে থাকে এবং ঠোঁটকে নরম ও আকর্ষণীয় করে দেয়।
৩. চিক ফিলার
গালের গঠন উন্নত করতে বা ফেসিয়াল কনট্যুরিংয়ের জন্য চিক ফিলার ব্যবহার করা হয়। এতে মুখের শেপ আরও সুগঠিত ও তরুণ দেখায়।
৪. স্কিন টাইটেনিং ও রিজুভেনেশন
অনেকেরই দেখবেন বয়স বা শারীরিক কোনও কারণে ত্বক অপ্রত্যাশিত ভাবে ঝুলে যায়। তাই জন্য লেজার বা রেডিওফ্রিকোয়েন্সি প্রযুক্তির মাধ্যমে ত্বক টানটান করা হয় এবং উজ্জ্বলতা বাড়ানো হয়।
৫. পিগমেন্টেশন ও অ্যাকনে ট্রিটমেন্ট
পিসিওডি বা পিসিওএস সমস্যা থাকলে বা হরমোনজনিত কোনও কারণে মুখে ব্রণ, দাগ বা পিগমেন্টেশন হয়। আধুনিক থেরাপির মাধ্যমে এই সমস্যার সমাধানও এই শাখায় করা হয়।
৬. লেজার ট্রিটমেন্ট
অনেকেরই শরীরে বিভিন্ন হরমোনের সমস্যা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা যেন আরও বড় আকারে পরিণত হচ্ছে। তার জন্যই মুখে প্রতিনিয়ত অবাঞ্ছিত লোমের সমস্যা দেখা দিচ্ছে। তাই আধুনিক লেজার পদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। তাতে অবাঞ্ছিত লোমের নির্মূলের পাশাপাশি স্কিন টেক্সচারও উন্নত হয়।
আধুনিক পদ্ধতি ও নিরাপত্তা
মেডিক্যাল অ্যাস্থেটিকের একটি বড় সুবিধা হল—এই চিকিৎসাগুলি অত্যাধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে করা হয়। বিশেষজ্ঞরা প্রতিটি রোগীর ত্বক, শারীরিক অবস্থা এবং চাহিদা অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করেন।
অনেক সময় মানুষ মনে করেন এই ধরনের চিকিৎসা ক্ষতিকর হতে পারে। কিন্তু প্রশিক্ষিত ও অভিজ্ঞ চিকিৎসকের হাতে সঠিকভাবে করা হলে এগুলি সাধারণত নিরাপদ। ব্যবহৃত উপাদানগুলিও আন্তর্জাতিকভাবে অনুমোদিত এবং পরীক্ষিত।
রিভার্সিবিলিটি: আগের অবস্থায় ফেরা সম্ভব?
মেডিক্যাল অ্যাস্থেটিকের একটি গুরুত্বপূর্ণ দিক হল—অনেক ক্ষেত্রেই এই চিকিৎসা রিভার্সিবল বা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
যেমন— হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে ফিলার পছন্দ না হলে বিশেষ এনজাইম দিয়ে তা গলিয়ে ফেলা যায়।
বোটক্সের প্রভাব স্থায়ী নয় সাধারণত ৪-৬ মাসের মধ্যে এটি নিজে থেকেই কমে যায়।
অর্থাৎ, কেউ যদি ফলাফল নিয়ে সন্তুষ্ট না হন, তবে তা স্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায় না। এই বিষয়টি অনেককেই এই চিকিৎসা গ্রহণে আত্মবিশ্বাস দেয়।
কারা এই চিকিৎসা নিতে পারেন
১৮ বছরের বেশি বয়সী যে কেউ, যিনি নিজের চেহারায় সামান্য পরিবর্তন বা উন্নতি চান, তাঁরা এই চিকিৎসা নিতে পারেন। তবে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে কিছু চিকিৎসা এড়ানো উচিত। এছাড়াও যাদের ত্বকের বিশেষ রোগ বা অ্যালার্জি আছে, তাদের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
মানসিক প্রভাব ও আত্মবিশ্বাস
সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয়, এটি মানুষের আত্মবিশ্বাসের সাথেও গভীরভাবে জড়িত। অনেক সময় ছোট একটি পরিবর্তন—যেমন ঠোঁটের আকার ঠিক করা বা গালের শেপ উন্নত করা—একজন মানুষের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়।
তবে মনে রাখা জরুরি, অতিরিক্ত নির্ভরতা বা অবাস্তব প্রত্যাশা তৈরি করা উচিত নয়। প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখেই এই চিকিৎসাগুলি নেওয়া উচিত।
কিছু সতর্কতা
মেডিক্যাল অ্যাস্থেটিক চিকিৎসা নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি—
সবসময় প্রশিক্ষিত ও সার্টিফাইড বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিন
ক্লিনিকের পরিচ্ছন্নতা ও মান যাচাই করুন
সস্তা বা অপ্রমাণিত পদ্ধতির প্রতি আকৃষ্ট হবেন না
চিকিৎসার আগে ও পরে বিশেষজ্ঞদের নির্দেশ মেনে চলুন
মেডিক্যাল অ্যাস্থেটিক আজকের দিনে সৌন্দর্যচর্চার এক আধুনিক ও বৈজ্ঞানিক দিক, যা মানুষের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব উন্নত করতে সাহায্য করে। বোটক্স, লিপ ফিলার বা চিক ফিলারের মতো পদ্ধতিগুলি শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং একটি মানসিক ইতিবাচকতার দিকও তৈরি করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—এই চিকিৎসাগুলি সঠিক হাতে, সঠিক পদ্ধতিতে করলে সাধারণত নিরাপদ এবং অনেক ক্ষেত্রেই রিভার্সিবল। তাই সচেতনভাবে, সঠিক তথ্য জেনে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই চিকিৎসা গ্রহণ করলে এটি হতে পারে আপনার সৌন্দর্যচর্চার একটি নিরাপদ ও কার্যকর পথ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

