Khabor Ekhon
পরিবর্তনের ডাকেই বিজেপির সঙ্গে ডাঃ নারায়ণ

প্রখ্যাত চিকিৎসক ও আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় আজ ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরিবর্তন সংকল্প সভা’-য় যোগ দিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছেন। একদা বামপন্থী হিসেবে পরিচিত এই চিকিৎসক সাফ জানিয়ে দিয়েছেন—বাংলায় পরিবর্তন অত্যাবশ্যক, আর সেই পরিবর্তন যারা আনতে পারবে, তাদের সঙ্গেই থাকতে হবে।
এক সাক্ষাৎকারে ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় সোজাসাপ্টা বলেন, “আমি বিজেপির ডাকে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় গিয়েছি। কারণ স্পষ্ট—যারা তৃণমূলকে পছন্দ করি না, তৃণমূলের শাসনের বিরুদ্ধে একমত, তাদের একসঙ্গে দাঁড়াতে হবে। পরিবর্তন করতে চাইলে যারা সত্যিই পরিবর্তন আনতে পারবে, তাদের সঙ্গেই যাওয়া উচিত। আমি নিজের ইচ্ছায় গিয়েছি, মনের টানে।”
তিনি আরও যোগ করেন, “মোদীজির ভাষণে ভিশন দেখেছি। বাংলার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি—সবকিছু গত ১৫ বছরে ধ্বংসের মুখে। শিক্ষা ব্যবস্থা পঙ্গু, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে, শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে ৫২ কোটি টাকা উদ্ধার হয়েছে। রাজ্যে আর্থিক সঙ্কট, অথচ খেলা-মেলায় টাকা ঢালতে কোনও দ্বিধা নেই। কোনও পরিকাঠামো গড়ে ওঠেনি, শুধু ক্ষমতায় টিকে থাকার ভিশন। ২০২৬-এ পরিবর্তন না হলে বাংলা অথৈ জলে ডুবে যাবে।”
আরজি কর কাণ্ডের সময় থেকেই প্রতিবাদী ভূমিকায় বিপুল জনপ্রিয়তা অর্জন করা ডাঃ নারায়ণের এই অবস্থান অনেককে বিস্মিত করেছে। বামপন্থী শিবিরে অনেকের মধ্যে ধারণা জেগেছে যে এবারের ভোটে বামেরা একটি আসনও জিততে পারবে না, তৃণমূলকে ঠেকানো তো দূরের কথা। অনেকে বিজেপিকে ভোট দেওয়া নিয়েও দ্বিধায় ছিলেন। ডাঃ নারায়ণের এই সাফ কথা তাঁদের কাছে অর্থবহ হয়ে উঠেছে। এটিকে ‘নো ভোট টু বিজেপি’র উল্টো স্রোত হিসেবে দেখা হচ্ছে, যা বিজেপিকেও উজ্জীবিত করছে।
বিজেপি শিবিরে এই ঘটনায় উচ্ছ্বাস। শমীক ভট্টাচার্যের মতো নেতারা এই বৃত্তকে আরও বড় করার পরিকল্পনা করছেন। অনেকের মতে, ডাঃ নারায়ণের ব্রিগেডে উপস্থিতি এবং তাঁর বক্তব্য ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিরোধী শক্তির একীভূত হওয়ার সংকেত দিচ্ছে।
তৃণমূল শিবির থেকে অবশ্য টিপ্পনী শুরু হয়েছে, কিন্তু ডাঃ নারায়ণ তাতে কান না দিয়ে বলেন, “আমার চাওয়া শুধু একটাই—বাংলা তার হারানো গরিমা ফিরে পাক। শিক্ষা-সংস্কৃতির জন্য বিখ্যাত বাংলা আবার নতুন করে উঠে দাঁড়াক। পরিবর্তন আসুক, নতুন বাংলা গড়ে উঠুক।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা ভোটের আগে বিরোধী শিবিরে নতুন গতি আনতে পারে। বাংলায় পরিবর্তনের ডাক এখন আরও জোরালো হয়ে উঠছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

