AB Live News
সোনারপুরে লাভলি-বিদায়? দিদির ‘না’, চোখে জল বিধায়কের

প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলের অন্দরে বড়সড় রদবদলের ইঙ্গিত। ২০২১-এর বিধানসভা ভোটে গ্ল্যামার আর রাজনীতির মিশেলে মমতার অন্যতম ‘চমক’ ছিলেন লাভলি মৈত্র। কিন্তু পাঁচ বছর ঘুরতে না ঘুরতেই ছবিটা বদলে গেল। সূত্রের খবর, ধর্মতলায় মমতার ধর্নামঞ্চেই বিধায়ক লাভলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সোনারপুর দক্ষিণে এবার আর টিকিট পাচ্ছেন না তিনি। নেত্রীর মুখে এমন ‘সপাট না’ শুনে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন অরুন্ধতী (লাভলি) মৈত্র। তবে কি সোনারপুরে এবার ঘাসফুল শিবিরের বাজি কোনো ‘হেভিওয়েট’ পুরনো চাল?
গত কয়েকদিন ধরে ধর্মতলায় মমতার ধর্নামঞ্চে সামনের সারিতেই দেখা যাচ্ছিল লাভলি মৈত্রকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অবস্থান চলাকালীন হঠাৎই লাভলিকে ডেকে মমতা বলেন, “শোনো, দক্ষিণে তোমাকে আর টিকিট দেওয়া যাবে না, ওখানে সমস্যা আছে।” আকস্মিক এই ধাক্কা সামলাতে পারেননি অভিনেত্রী-বিধায়ক। মঞ্চের এক কোণায় গিয়ে তাঁকে অশ্রুসজল চোখে দেখা যায়। পরে ফের মমতার কাছে অনুনয়-বিনয় করলেও দিদি নিজের অবস্থানে অনড় থাকেন বলেই খবর।
তৃণমূলের অন্দরমহলের খবর, গত পাঁচ বছরে সোনারপুর দক্ষিণে গোষ্ঠী কোন্দল লাভলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় নেতৃত্বের একাংশের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। দুই সপ্তাহ আগে রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে লাভলির নামে দেওয়াল লিখন শুরু হলেও দলের উচ্চপর্যায়ের নির্দেশে তা তৎক্ষণাৎ মুছে ফেলা হয়। তখনই জল্পনা শুরু হয়েছিল, সোনারপুর দক্ষিণ কি তবে হাতছাড়া হচ্ছে লাভলির?
লাভলি না হলে কে? সূত্রের খবর, সোনারপুর দক্ষিণে এবার ‘ঘরের ছেলে’ তথা দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীকে প্রার্থী করতে পারে তৃণমূল। শুভাশিস বরাবরই কালীঘাটের আস্থাভাজন এবং মমতার নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছেন। খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুভাশিসকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন এবং এলাকায় তাঁর সক্রিয়তাও চোখে পড়ার মতো।
বিষয়টি নিয়ে লাভলি মৈত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরটিকে ‘৫০০ শতাংশ মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, নেত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত বিষয় ও সিরিয়াল নিয়ে কথা হয়েছে মাত্র। তবে রাজনৈতিক মহলের মতে, লাভলিকে একেবারে বসিয়ে না দিয়ে অন্য কোনো নিরাপদ আসনে সরানো হতে পারে। তবে সোনারপুর দক্ষিণ থেকে যে তাঁর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, তা এখন কেবল সময়ের অপেক্ষা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

