AB Live News
দোল উৎসবে শিকারের আগেই বক্সায় ধৃত ৪
দোল উৎসবের আড়ালে, চোরাশিকার করতে আন্তঃরাজ্য সীমানা পেরিয়ে, এইরাজ্যের বক্সার জঙ্গলে তীরধনুক নিয়ে প্রবেশ করে গ্রেফতার হল আসামের চার বাসিন্দা। দোল উৎসব উপলক্ষে বন দফতর ও জেলা পুলিশের সমন্বয়ে আলিপুরদুয়ার জেলার সমস্ত বনাঞ্চলে চলছে চূড়ান্ত সতর্কতা। লাগাতার জঙ্গলের রাস্তায় পায়ে হেটে টহল দিচ্ছেন বনকর্মীরা। তাতেই মিলেছে সাফল্য। রবিবার বিকেলে ভল্কা রেঞ্জের চেংমারি বিটের অন্তর্গত তিন নম্বর কম্পার্টমেন্টে টহলদারির সময় বনকর্মীরা তীরধনুক সহ একটি চোরাশিকারির দলকে দেখতে পান। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দলটি আসামের দিকে পালাতে চেষ্টা করে। বনকর্মীরা পিছু ধাওয়া করে দলের চারজনকে ধরে ফেলেন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে শিকারে ব্যবহৃত চারটি ধনুক এবং অসংখ্য তির। বাকিরা ঘন জঙ্গলের পথ ধরে আসামের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃতেরা হলেন শুনিরাম মুর্মূ, মতিলাল হাঁসদা, বুধিরাম মুর্মু এবং সকোল হাঁসদা। এই বিষয়ে বক্সা বাঘ্র প্রকল্পের পূর্ব উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা জানান, দোল উপলক্ষে অ্যান্টি পোচিং টিম জঙ্গলের ভেতর টহল দিচ্ছে। বন্যপ্রাণী শিকার করার আগেই চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

