Khabor Ekhon
কাপড় মেলা নিয়ে বিবাদ দুই জায়ের! ভাইকে পিটিয়ে খুন

দেওয়ালে কাপড় মেলাকে কেন্দ্র করে বিবাদ বেধেছিল দুই জায়ের। সেই ঘটনার জেরেই ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন। অভিযোগ উঠল দাদা হেফজুর রহমানের বিরুদ্ধে। মৃতের নাম নুরুল ইসলাম (৩৬)। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তার কঠোর শাস্তির আর্জি জানিয়েছেন মৃতের স্ত্রী।
জানা গিয়েছে, সামান্য কাপড় মেলা নিয়ে নুরুল ও হেফজুরের স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই সেই বিবাদে জড়িয়ে পড়েন দুই পরিবারের বাকি সদস্যরা। তখনই বাঁশ ও লোহার রড দিয়ে হেফজুর নিজের ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরুলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিকে, ঘটনার পরই নিজের এলাকা ছেড়ে পলাতক হেফজুর।
মৃতের স্ত্রী মমতাজ বেগম বলেন, দেওয়ালের উপর কয়েকটা কাপড় মেলা ছিল। তা দেখেই প্রথমে ওরা গালিগালাজ শুরু করে। আর বলে, ভালো চাইলে এখান থেকে কাপড় সরা। এরপরই আমাদের বাড়িতে ঢুকে আমাদের গায়ে হাত তোলে। তখনই বাঁশ নিয়ে ঢুকে আমার স্বামীকে শেষ করে দিল।
মৃতের শ্যালক রফিকুল আলম বলেন, জামাইবাবু দুর্বল বলে তাঁর উপর প্রতিনিয়ত অত্যাচার করত তাঁর দাদা। হয়তো জামাইবাবু না থাকলে আমার দিদিকেও ওরা মেরে ফেলত। দিদির তিনটে বাচ্চা আছে। আমি দোষীর কঠোর শাস্তি চাই। তাকে ফাঁসি দেওয়া হোক।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

