Khabor Ekhon
কৌতুকশিল্পী উত্তম দাসের প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়

বাংলা মঞ্চজগতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান হল। প্রয়াত হলেন প্রখ্যাত কৌতুকশিল্পী উত্তম দাস। সাতের দশকের শেষভাগ থেকে আটের দশক জুড়ে যাঁর সরস, সহজ এবং জীবনঘনিষ্ঠ কৌতুক মুগ্ধ করেছিল বাংলার অসংখ্য দর্শককে। সেই শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল।
খড়দহের বাসিন্দা উত্তম দাস এমন এক সময় মঞ্চে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। যখন স্ট্যান্ড-আপ কমেডির আলাদা পরিভাষা বা চর্চা তেমন প্রচলিত ছিল না। গ্রামবাংলা থেকে শহরতলির ছোট-বড় নানা অনুষ্ঠানে তাঁর উপস্থিতিই হয়ে উঠত আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাধারণ জীবনের অভিজ্ঞতা থেকে উঠে আসা তাঁর নির্মল রসিকতা উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণির মানুষের হৃদয় জয় করেছিল। দর্শকরাই স্নেহভরে তাঁকে উপাধি দিয়েছিলেন ‘হাসির রাজা’।
শুধু কৌতুক পরিবেশনায় নয়। দক্ষ মঞ্চসঞ্চালক হিসেবেও ছিল তাঁর বিপুল জনপ্রিয়তা। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে অডিও ক্যাসেটের মাধ্যমেও। ‘হাসির মালপোয়া’ ও ‘হাসির হেডলাইট’–এর মতো অ্যালবাম তাঁকে পৌঁছে দেয় ঘরে ঘরে। টেপ-রেকর্ডারের সেই যুগে নামী গায়কদের গানের ক্যাসেটের পাশাপাশি সযত্নে সাজানো থাকত উত্তম দাসের কৌতুক-সংকলন। আটের দশকের কৌতুকপ্রিয় বাঙালির অন্যতম আলোচনার বিষয় ছিলেন তিনি। তাঁর প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “উত্তম দাস ছিলেন এমন একজন মানুষ, যিনি মঞ্চে উঠলেই যেন জাদু সৃষ্টি করতেন। তিনি ছিলেন সত্যিকারের এক প্রতিভা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাঁর কাজ ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে। শ্রদ্ধাঞ্জলি।”
হাসির আড়ালে জীবনকে সহজ করে দেখানোর যে শিল্প, তার এক অনন্য প্রতিনিধি ছিলেন উত্তম দাস। তাঁর কণ্ঠ থেমে গেলেও, তাঁর সৃষ্ট হাসি ও স্মৃতি বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে দীর্ঘদিন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

