Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পাঠ্য বইয়ের মলাট যখন ক্যানভাস! অনবদ্য শিল্প সৃষ্টি সপ্তম শ্রেণির মৌমিতার

0 568,950

সময় বদলেছে। এখন বইয়ের পাতার গন্ধের চেয়ে অনেকের কাছে বেশি পরিচিত মোবাইলের চারকোনা স্ক্রিন, রিলের শব্দ আর ভার্চুয়াল দুনিয়ার ঝলক। পরীক্ষা শেষ হলেই বহু পড়ুয়ার কাছে পাঠ্যবই যেন অপ্রয়োজনীয় বস্তু। তাই ছিঁড়ে ফেলা বা উড়িয়ে দেওয়াই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন এক আবহে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে উঠে এল এক আলাদা চিত্র। যেখানে বইকে ফেলে বা ছিঁড়ে দিয়ে নয়। বরং ভালোবেসে আগলে রাখার গল্প শোনা যায়।

দাঁতন ভাগবত চরণ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী মৌমিতা জানা নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নিজের বইগুলিকে এক অভিনব মর্যাদা দিয়েছে। শুধুমাত্র সাধারণ মলাটে নাম লিখে থেমে থাকেনি সে। বরং প্রতিটি বইয়ের বিষয় অনুযায়ী এঁকেছে সেই বিষয়ের সঙ্গে যুক্ত মনীষীদের প্রতিকৃতি। ইতিহাস বইয়ের মলাটে স্থান পেয়েছেন প্রাচীন ইতিহাসবিদ হেরোডেটাস। বাংলা সাহিত্যের বইয়ে ফুটে উঠেছেন সাহিত্যিক লীলা মজুমদার। আর অঙ্কের বইয়ের মলাটে স্থান পেয়েছেন কিংবদন্তি গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন।

শুধু ছবি আঁকা নয়। প্রতিটি রেখায় রয়েছে বিষয়ের প্রতি শ্রদ্ধা। পেন্সিলের মৃদু টানে ধরা পড়েছে মনীষীদের ভাবভঙ্গি, চোখের গভীরতা, ব্যক্তিত্বের ছাপ। বাড়ির অবসর সময় হোক বা স্কুলের টিফিন পিরিয়ড যত্ন নিয়ে ধাপে ধাপে তৈরি হয়েছে এই মলাটগুলি। ছোটবেলা থেকেই অঙ্কনের চর্চা করলেও বইয়ের মলাটকে শিল্পের মাধ্যম হিসেবে বেছে নেওয়ার ভাবনা নিঃসন্দেহে ব্যতিক্রমী।

মৌমিতার কাছে বই কেবল পরীক্ষার প্রস্তুতির উপাদান নয়। বই মানে প্রেরণা, পথনির্দেশ এবং জ্ঞানের বন্ধু। তাই নতুন বই হাতে পাওয়া তার কাছে শুধুই শিক্ষাবর্ষের সূচনা নয়। বরং নতুন সৃষ্টির আনন্দ। সহপাঠীরা যখন তার বই হাতে নিয়ে দেখেছে, বিস্ময় আর কৌতূহল মিলেমিশে এক অন্য অনুভূতি তৈরি হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকেও মিলেছে আন্তরিক প্রশংসা। বিদ্যালয়ের পরিসরে সে হয়ে উঠেছে অনুপ্রেরণার আর এক নাম।

ডিজিটাল বিভ্রান্তির এই সময়ে মৌমিতার উদ্যোগ যেন নিঃশব্দে এক বড় প্রশ্ন তোলে, আমরা কি বইয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা ভুলে যাচ্ছি! প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে ঠিকই। কিন্তু মনন ও মানবিকতার চর্চা এখনও বইয়ের পাতাতেই সবচেয়ে গভীরভাবে সম্ভব। দাঁতনের এই কিশোরী প্রমাণ করল, সৃজনশীলতা মানে শুধু প্রতিভা নয়। সৃজনশীলতা মানে দৃষ্টিভঙ্গিও। ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে সাধারণ একটি মলাটও হয়ে উঠতে পারে মূল্যবোধের ক্যানভাস। মৌমিতার পেন্সিল তাই কেবল ছবি আঁকেনি। এঁকেছে বইয়ের প্রতি এক নতুন আস্থা, এক নতুন সম্পর্ক।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper