Khabor Ekhon
১৪টি বাড়িতে একদিনে চোরের হানা! আতঙ্কে এলাকাবাসী

কথায় বলে ‘চোরের দশ দিন, গৃহস্থের একদিন’! এই প্রবাদ বাক্যের উপর ভরসা রেখেই যেন দিন কাটাতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আসুতি থানা অঞ্চলের বাসিন্দাদের! ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি তালা দেওয়া অবস্থায় রয়েছে। সেগুলিতে কেউ থাকে না। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়েই একদিনে ১৪টি বাড়িতে চুরি হল! লক্ষ লক্ষ টাকা, গয়না চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে চুরির ঘটনা। চোরচক্রের দাপটে রীতিমতো আতঙ্কিত গোটা এলাকা। তবে স্থানীয় বাসিন্দাদের একত্রিত অভিযোগে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে কালীতলা আসুতি থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, আগে ওই এলাকায় চোরের উপদ্রব ছিল না। ফলত চুরির ঘটনা ঘটেনি বললেই চলে। বিগত কয়েকদিন ধরে ওই এলাকায় চোরেদের তাণ্ডব চলছে। তালা বন্ধ ফাঁকা বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, গয়নাসহ মূল্যবান সামগ্রী চুরি করে পালাচ্ছে। ওই এলাকার একটি বাড়ি থেকে প্রায় চার লক্ষ টাকা, অন্য একটি বাড়ি থেকে রুপোর গয়না-সহ নগদ আড়াই হাজার টাকা চুরি হয়েছে। স্থানীয় একটি অফিস থেকে প্রায় এক লক্ষ টাকা উধাও গিয়েছে। একটি সিসিটিভি ফুটেছে তাঁরা দেখেছেন, চোর অফিসের ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ঘাঁটছে।
ওই এলাকার যেসব বাড়িতে কেউ থাকছে না, ঠিক সেই বাড়িগুলিতেই চুরি হচ্ছে। এ-বিষয়ে স্থানীয় কেউ চোরেদের সাহায্য করছে বলেও এলাকাবাসীর সন্দেহ। একের পর এক চুরির ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত। স্থানীয়রা পুলিশি টহল বাড়ানো এবং যত তাড়াতাড়ি সম্ভব চোরদের গ্রেফতার করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। যদিও এলাকাবাসীরা যৌথ স্বাক্ষর সংগ্রহ করে কালীতলা আসুতি থানায় দরখাস্ত জমা দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে এবং রাতে ওই এলাকায় কড়া টহল দিচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

