Khabor Ekhon
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ! মৃত্যু হল মৎস্যজীবীর

অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে কাঁকড়া ধরতে যাওয়াই শেষে কাল হল। মঙ্গলবার সকালে সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু হল রামপদ বর্মন (৪৫) নামে এক মৎস্যজীবীর। তিনি সুন্দরবন কোস্টাল থানা এলাকার ছোট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুর ঘটনায়কে কেন্দ্র করে গভীর চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে তার প্রতিবেশী মৎস্যজীবী রামপদ মণ্ডল এবং শশী মিস্ত্রির সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন রামপদ। যাওয়ার পথেই সকলে মিলে সিদ্ধান্ত নেয় তারা অন্য কোথাও জাল ফেলবে। সেই মতোই চামটা জঙ্গল সংলগ্ন এলাকায় নদীর খাঁড়িতে কাঁকড়া ধরার জন্য জাল ফেলছিলেন। তখনই একটি বাঘ রামপদ বর্মনের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাঁর দুই সঙ্গী টের পাওয়ার আগেই তাঁকে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যায় বাঘটি।
বেশ কিছু সময় কেটে যাওয়ার পরেই রামপদ বর্মনের কোনও সাড়াশব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন তাঁর দুই সঙ্গী। তখনই তারা ভিজে কাদা মাটিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। সেই পায়ের ছাপকে অনুসরণ করে জঙ্গলে ঢুকতেই দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রামপদ। অর্থাৎ বাঘের আক্রমণে সেখানেই মৃত্যু হয় তাঁর।
এরপরে সঙ্গে সঙ্গেই রামপদ মণ্ডল এবং শশী মিস্ত্রি গ্রামে ফিরে যান। তারপর গ্রামবাসীকে রামপদ বর্মনের মৃত্যুর খবর দেন। খবর পেয়ে আসে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। তারাই মঙ্গলবার রাতে তাঁর দেহ উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

