Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুলওয়ামা হামলার সাত বছর, শহিদ স্মরণে রাজনৈতিক মহল

0 89,100

১৪ ফেব্রুয়ারি দিনটি ‘ব্ল্যাক ডে’ হিসেবেও পালন করা হয়। শোকের আবহে আত্মবলিদানকে সম্মান জানানোর এক দিন। সাত বছর আগে ২০১৯ সালের এই দিনেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের লেথপোরায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ভালোবাসার দিনে রক্তাক্ত সেই বিকেলের স্মৃতি আজও দেশবাসীর হৃদয়ে অমলিন। প্রতি বছর এই দিনেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই মাথা নত করে শ্রদ্ধা জানান বীর শহিদদের প্রতি।

এবারও তার ব্যতিক্রম হয়নি। লেথপোরার সিআরপিএফ ক্যাম্পে শহিদ স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন পৃথক বার্তায় শহিদ জওয়ানদের সাহস ও আত্মবলিদান স্মরণ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধা জ্ঞাপন করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক সুরেই উচ্চারিত হয়েছে কৃতজ্ঞতার ভাষা।

সেই দিন ৭৮টি গাড়ির কনভয়ে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ কর্মী দায়িত্বপালনে যাচ্ছিলেন। লেথপোরা এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কনভয়ের বাসে ধাক্কা দিলে মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪০ জন জওয়ান। গুরুতর আহত হন আরও অনেকে। পরে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন দায় স্বীকার করে এবং তদন্তে আত্মঘাতী জঙ্গির নাম উঠে আসে। দেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভের স্রোত বয়ে যায়। এর পর ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায়। যা দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দেয়।

হামলার পর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় বদল আনা হয়। গোয়েন্দা সমন্বয় জোরদার করা হয়। এমনকি সংবেদনশীল এলাকায় বাহিনীর মোতায়েন বাড়ানো হয়। আধুনিক অস্ত্রশস্ত্র, সুরক্ষা সরঞ্জাম ও বুলেটপ্রুফ জ্যাকেট দিয়ে বাহিনীকে আরও শক্তিশালী করা হয়। সন্ত্রাসদমন কৌশল নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়।

শ্রীনগর–সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় তল্লাশি ও নজরদারি আরও কড়া করা হয়েছে। লালচকসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে আকস্মিক তল্লাশি চালানো হয়েছে। এমনকি হোটেলগুলোতেও চলেছিল কক্ষ পরীক্ষা।

পুলওয়ামা হামলা শুধু একটি সন্ত্রাসী আঘাত ছিল না। তা দেশের রাজনৈতিক ও সামরিক নীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। সাত বছর পরও সেই ক্ষত শুকোয়নি। শহিদদের আত্মত্যাগ স্মরণ করেই দেশ আজও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল থাকার শপথ পুনর্ব্যক্ত করছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper