Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নথির অজুহাতে ডেকে নিয়ে খুন! প্যাকেটে মিলল ভোটারের দেহাংশ, গ্রেফতার বুথ লেভেল অফিসার

0 25,717

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নথি যাচাইয়ের নাম করে ডেকে নিয়ে এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় গ্রেফতার হয়েছেন এক বুথ লেভেল অফিসার (বিএলও) ও তাঁর এক সহযোগী। পুলিশি জিজ্ঞাসাবাদের পর খাল থেকে তিনটি প্যাকেটে উদ্ধার হয়েছে নিহত যুবকের দেহাংশ। তবে এখনও তাঁর মাথার সন্ধান মেলেনি। এই হাড়হিম করা ঘটনায় আতঙ্ক ও ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন।

 

মৃত যুবকের নাম নাসির আলি (৩৬)। বাড়ি বাদুড়িয়ার পাপিলা এলাকায়। পরিবারের অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাসিরের কাছে একটি ফোন আসে। ফোনকারী নিজেকে ‘এইআরও’ পরিচয় দিয়ে জানান, এসআইআর সংক্রান্ত কিছু জরুরি নথি—আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে। সরকারি কাজের তাগিদে নাসির বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি।

রাত বাড়লেও নাসিরের কোনও খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরিবারের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

পরদিন সকাল থেকে পুলিশ ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। চাতরা এলাকার একটি খাল থেকে উদ্ধার হয় নাসিরের মোটরবাইক ও জুতো। কিন্তু তাঁর কোনও সন্ধান মেলেনি। সেই সূত্র ধরেই তদন্তে গতি আসে।

তদন্তে উঠে আসে পাপিলা ২২ নম্বর বুথের বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টুর নাম। পুলিশ তাঁকে এবং সাগর গাইন নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশি জিজ্ঞাসাবাদের পর বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলা ও সংলগ্ন খাল এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকেই তিনটি পৃথক প্যাকেটে উদ্ধার হয় নাসিরের দেহাংশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও এই নির্মম দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন। যদিও এখনও মৃতের মাথা উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহাংশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং খুনের মোটিভ খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, অভিযুক্ত রিজওয়ানকে নাসিরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই চিনতেন পরিবার ও প্রতিবেশীরা। নিহতের স্ত্রী বিউটি খাতুন বিবি ভেঙে পড়া কণ্ঠে বলেন, “আমার স্বামীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। রিজওয়ান আমাদের বাড়িতে আসত, বন্ধু হিসেবেই চিনতাম। এমন নৃশংস অত্যাচার যে করেছে, তার কঠোর শাস্তি চাই।”

স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, ব্যক্তিগত সম্পর্ক ও সরকারি পরিচয়ের সুযোগ নিয়ে এমন অপরাধ সমাজের জন্য ভয়াবহ বার্তা বহন করে। ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্বে থাকা একজন সরকারি কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় প্রশাসনিক স্তরেও প্রশ্ন উঠছে।

পুলিশ জানিয়েছে, খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফোন কলের উৎস, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্তদের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

এই ঘটনায় গোটা বাদুড়িয়া জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। বন্ধুর ছদ্মবেশে বিশ্বাসঘাতকতার এই নৃশংস পরিণতি প্রশ্ন তুলে দিয়েছে—সরকারি পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অপরাধ কতটা গভীরে প্রোথিত? তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে এখন উত্তর ২৪ পরগনার মানুষ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper