AB Live News
রাতের শহরে ফের নারী নিগ্রহ, পাটুলিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত ৪

তিলোত্তমার নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, ঠিক তখনই গভীর রাতে শহর কলকাতায় ফের এক তরুণীকে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগ উঠল। বুধবার রাতে দক্ষিণ কলকাতার পাটুলি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে পুলিশের তৎপরতায় রক্ষা পান নিগৃহীতা এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় চার অভিযুক্তকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ১২টা নাগাদ পাটুলি মোড়ের কাছে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী ও তাঁর সঙ্গী। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত চার যুবক হঠাৎই ওই তরুণীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই যুগল প্রতিবাদ জানান। অভিযোগ, প্রতিবাদ করায় ওই যুবকরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং তরুণীর গায়ে হাত দেয় ও তাঁর পোশাক ধরে টানাটানি করে শ্লীলতাহানি করা হয়।
তরুণীর চিৎকার শুনে নিকটবর্তী টহলরত একটি পুলিশ ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকে দেখে অভিযুক্ত চার যুবক পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের ধাওয়া করেন। কিছুক্ষণ ধাওয়া করার পর চারজনকেই ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম দেবাংশু দাস (২৩), পল্লবকুমার হালদার (২৩), শুভজিৎ মণ্ডল (২৫), সুমন দাস (২৬)। ধৃতরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিগৃহীতা তরুণীর বয়ানের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজ, বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা অভিযুক্তদের কোনও অপরাধমূলক ইতিহাস আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারীরা তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

