AB Live News
রক্তপাত ও কারচুপির আবহে বাংলাদেশে শেষ ভোটগ্রহণ, শুরু গণনা, নজর এখন ফলাফলে

নিজস্ব প্রতিনিধি: (বাংলাদেশ) বিতর্ক, সহিংসতা আর পাল্টাপাল্টি কারচুপির অভিযোগের মধ্য দিয়ে বাংলাদেশে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ গণভোট। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে গণনা। কড়া নিরাপত্তার মধ্যে এখন সকলের নজর ঢাকার নির্বাচন কমিশনের দিকে। দিনভর ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্রে হামলা এবং খুলনা সদরে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ছিল ওপার বাংলার মাটি। তবে এই পরিস্থিতির মধ্যেই দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক নজরে নির্বাচনের দিনলিপি
ভোটের হার: দুপুর ২টো পর্যন্ত প্রায় ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ঢাকা ও সিলেটে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।
সহিংসতা: কুমিল্লা, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ। নোয়াখালিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে এক সাংবাদিককে।
মৃত্যু: খুলনায় ভোট চলাকালীন এক বিএনপি নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
নতুন সংযোজন: বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট (জুলাই সনদ) অনুষ্ঠিত হল। পাশাপাশি এবারই প্রথম চালু হয়েছে পোস্টাল ব্যালট।
গণতন্ত্রের অঙ্গীকার অটুট: মুহাম্মদ ইউনূস
ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এক বিবৃতিতে দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া প্রমাণ করে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট।” তিনি ভোটচিত্র পর্যবেক্ষণের জন্য দিনভর পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন।
‘সুষ্ঠু ভোট না হলে ফল মানব না’, হুঁশিয়ারি তারেকের
নির্বাচন চলাকালীনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর অভিযোগ, বিশেষ একটি দল প্রশাসনকে প্রভাবিত করে রিগিং করার চেষ্টা করছে। গুলশানে ভোট দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, “সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে ভোট না হলে আমরা ফলাফল মানব না।” অন্যদিকে, হিন্দু ভোটারদের হুমকি ও কেন্দ্র দখলের অভিযোগে জামাত-ই-ইসলামির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ১২৭টি অভিযোগ জমা দিয়েছে বিএনপি।
জামাতের নিশানায় বিএনপি, প্রশংসায় সেনা
চিত্রটা ভিন্ন ছিল জামাত শিবিরে। জামাত আমির শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে সেনাবাহিনীর প্রশংসা করেছেন। তাঁর দাবি, প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করলেও সেনার তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কুমিল্লায় জামাতের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে এই নির্বাচনকে ‘প্রহসন’ বলেও তোপ দেগেছেন তাঁরা।
আওয়ামি লিগের ‘বয়কট’ ও হাসিনাপুত্র জয়ের তোপ
নিষেধাজ্ঞার কারণে ময়দানে না থাকলেও আওয়ামী লিগের ‘নো ভোট’ স্লোগান ঢাকা ও সিলেটে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে, ভারতে অবস্থানরত হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলেছেন, রাতের অন্ধকারে ব্যালটে ছাপ মারা হয়েছে এবং পরিকল্পিত ভাবে আওয়ামী সমর্থকদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সংসদ নির্বাচনের ব্যালট (সাদা-কালো) এবং গণভোটের ব্যালট (গোলাপি) একই বাক্সে জমা পড়েছে। প্রথমে দুই রঙের ব্যালট আলাদা করা হবে, তারপর শুরু হবে চূড়ান্ত গণনা। গভীর রাত থেকেই প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

