Khabor Ekhon
গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর গুলি, বীরভূমে জখম কনস্টেবল
শ্রীতমা ব্যানার্জী :বীরভূমে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে এবার দুষ্কৃতীর গুলিতে জখম হলেন এক পুলিশ কনস্টেবল। শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কর্তব্যরত পুলিশকর্মীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার লায়েকবাজারে। অভিযুক্তকে গ্রেফতার করার উদ্দেশ্যে সেখানে পৌঁছেছিল পুলিশের একটি দল। কিন্তু পুলিশকর্মীরা অভিযুক্তের কাছে পৌঁছতেই সে আচমকা গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর পায়ে গুলি লাগে।ঘটনার পরেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।কোন মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ সেখানে গিয়েছিল, তা এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।বীরভূমের এই ঘটনা ফের একবার পুলিশের অভিযান চলাকালীন নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এল। গ্রেফতারি অভিযানে গিয়ে পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

