Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

১০০ কোটির কলেজ দুর্নীতি,গ্রেফতার সিপিএমের দুই প্রাক্তন নেতা

0 55,498

শ্রীতমা ব্যানার্জী :টালিগঞ্জের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ১০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হলেন সিপিএমের দুই প্রাক্তন নেতা। শুক্রবার গভীর রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাঁদের গ্রেফতার করেন। ধৃতদের নাম গৌতম বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম দাস। দু’জনেই একসময় সিপিএমের কলকাতা জেলা নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন। তিন বছরেরও বেশি সময় আগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালন সংস্থাকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ। অর্ণব সিকদার নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।এই ঘটনায় গত জুলাই মাসে বিধানসভায় সরব হয়েছিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীদের একাংশ দীর্ঘদিন বেতন পাননি বলেও অভিযোগ ওঠে। বিধায়কের দাবি অনুযায়ী, কোনও কোনও কর্মীর বকেয়া বেতন ৫০ মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছে।অভিযোগের সূত্র ধরে জানা যায়, কলেজের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত থাকার সময় দুই প্রাক্তন নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। গৌতম বন্দ্যোপাধ্যায় পরিচালন সমিতির সচিব ছিলেন। তাঁর আগে ওই দায়িত্বে ছিলেন পার্থপ্রতিম দাস। কলেজের অর্থের অপব্যবহার এবং কর্মীদের বেতন বকেয়া থাকার বিষয়টি নিয়ে দলের অন্দরেও প্রশ্ন ওঠে।অভিযোগ খতিয়ে দেখতে সিপিএমের রাজ্য নেতৃত্ব তদন্ত কমিশন গঠন করেছিল। তদন্তের পর প্রথমে দু’জনকে ছ’মাসের জন্য সাসপেন্ড করা হয় এবং কলেজের দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিতর্ক না থামায় ২০২৩ সালের জুন মাসে তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলকাতা জেলা কমিটি। পরে রাজ্য কমিটিও সেই সিদ্ধান্তে সিলমোহর দেয়।এছাড়াও কলেজের নথি ব্যবহার করে হাওড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে ১৪ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগও সামনে এসেছিল।দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কে এবার পুলিশের গ্রেফতারির পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রায় ১০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত ধৃতদের দোষী হিসেবে গণ্য করা যায় না।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper