Khabor Ekhon
চোরবাগান কাণ্ডে জামিন অধরা, জেলেই থাকছেন ন’জন
শ্রীতমা ব্যানার্জী : চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের আইনি লড়াইয়ে বড় ধাক্কা। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত ধৃত ন’জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।গত ১৭ অক্টোবর সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ সামনে আসে। তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় পুজো কমিটির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে।শুক্রবার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু নাথের এজলাসে মামলাটির শুনানি হয়। সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করে জানান, ঘটনার গুরুত্ব অত্যন্ত বেশি এবং তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা জরুরি।তদন্তকারীদের দাবি, মণ্ডপে ভিড় সামলানোর ক্ষেত্রে একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে। পুজো কমিটির সদস্যদের ভূমিকা, মণ্ডপে মাইকে ঘোষণা এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘোষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কণ্ঠস্বরের নমুনাও এখনও সংগ্রহ করা বাকি। ইতিমধ্যেই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

