Khabor Ekhon
বিজেপিতে লুটেরাদের প্রবেশে লাল সংকেত শমীকের
শ্রীতমা ব্যানার্জী: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে নতুন করে বিতর্ক। এবার দলীয় কর্মীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য, অতীতে যারা দুর্নীতি, তোলাবাজি এবং লুটপাটের সঙ্গে যুক্ত ছিল, তারা এখন বিজেপির পতাকার আড়ালে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং কোনওভাবেই দলে জায়গা দেওয়া চলবে না।শুক্রবার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, যারা একসময় রাজ্যে লুটপাট চালিয়েছে, তারাই এখন বিজেপির নাম ব্যবহার করে নিজেদের রাজনৈতিক পরিচয় বদলাতে চাইছে। এই প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর নির্দেশ, কেউ বিজেপির নাম ব্যবহার করে তোলাবাজি, দুর্নীতি কিংবা অন্য কোনও বেআইনি কাজে জড়িত থাকলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করতে হবে। প্রয়োজনে এফআইআর করারও নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, দলের পতাকা ও ভাবমূর্তি কলুষিত করার অধিকার কারও নেই।শমীক আরও স্পষ্ট করে জানিয়ে দেন, বিজেপির সাংগঠনিক শক্তি যাঁরা তৈরি করেছেন, তাঁদের অবদানেই আজ দল এই জায়গায় পৌঁছেছে। বাইরে থেকে সুযোগ বুঝে দলে ঢুকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা করা ব্যক্তিদের বিজেপির প্রয়োজন নেই।দলে যোগদান প্রসঙ্গেও কড়া অবস্থান নিয়েছেন রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, বিজেপির দরজা আগে বন্ধ ছিল, এখনও বন্ধ রয়েছে। কাউকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হলেই তিনি দলের নেতা হয়ে যান না। আনুষ্ঠানিকভাবে দল কাউকে যোগদানের জন্য দরজা খুলে দেয়নি।উল্লেখ্য, তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে আগেও একাধিকবার দলীয় কর্মীদের সতর্ক করেছেন শমীক। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং দলের অন্যান্য নেতৃত্বও একই বিষয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা। বিরোধীদের বিরুদ্ধে এতদিন যে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে রাজনৈতিক লড়াই চালিয়েছে দল, নিজেদের সংগঠনের ভিতরেও সেই প্রবণতা ঠেকানো এখন নেতৃত্বের কাছে বড় পরীক্ষা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

