Khabor Ekhon
ভিডিও কল ঘিরে রহস্য, যুগলের মৃত্যুতে চাঞ্চল্য অশোকনগরে
শ্রীতমা ব্যানার্জী: উত্তর ২৪ পরগনার অশোকনগরে দুই তরুণ-তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার নিজেদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জিৎ বিশ্বাস ও পূজা মণ্ডলের দেহ। দু’জনেরই বয়স প্রায় ১৮ বছর। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মৃত্যুর আগে দু’জনের মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কল চলছিল। সেই কল ঘিরেই সামনে এসেছে এক মর্মান্তিক ঘটনার ইঙ্গিত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনডাঙার চতুর্দশপল্লি হাইস্কুলে পড়াশোনা করত দু’জনেই। সহপাঠীদের দাবি, প্রায় চার-পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একই স্কুলে পড়াশোনা, একসঙ্গে গৃহশিক্ষকের কাছে যাওয়া, এমনকি যাতায়াতও ছিল একসঙ্গে।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভিডিও কলে কথা বলার সময় জিৎ আত্মহত্যা করে বলে অভিযোগ। সেই দৃশ্য দেখার পর পূজাও আত্মহত্যা করে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে উঠে এসেছে। তবে ঘটনার সম্পূর্ণ ক্রম এখনও তদন্তসাপেক্ষ। পূজার ঘর থেকে দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। পূজার ভাইয়ের দাবি, তখনও মোবাইলে ভিডিও কল সংযুক্ত ছিল।ঘটনার নেপথ্যে প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক আপত্তি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও পূজার মা ফুল্লরেশ্বরী মণ্ডলের দাবি, মেয়ের পছন্দের ছেলেকে বিয়ে করার ক্ষেত্রে তাঁদের কোনও আপত্তি ছিল না। উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করার পর বিয়ের কথা ভেবেছিল পূজা।ইতিমধ্যে দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পৃথক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই পরিবারের সদস্য এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মাত্র ১৮ বছরের কাছাকাছি বয়সে দুটি প্রাণের এমন মর্মান্তিক পরিণতি নতুন করে সামনে আনল কিশোর-কিশোরীদের মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং সময়মতো মানসিক সহায়তার গুরুত্ব।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

