Khabor Ekhon
ভাইফোঁটা সেরে ফেরা হল না মা-মেয়ের
শ্রীতমা ব্যানার্জী :উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল গভীর শোকে। ভাইফোঁটার অনুষ্ঠান সেরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা। কিন্তু আর ঘরে ফেরা হল না তাঁদের। পূর্ব বর্ধমানের খানা জংশনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মা ও মেয়ের। শুক্রবার সকালের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূজা দাস (৩০) এবং তাঁর মেয়ে পল্লবী দাস (১২)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রামে। ভাইফোঁটা উপলক্ষে মেয়েকে নিয়ে গলসির খানা গ্রামের বাপের বাড়িতে গিয়েছিলেন পূজা। শুক্রবার সকালে সেখান থেকে শ্বশুরবাড়ি ফেরার জন্য খানা জংশনে পৌঁছন তাঁরা।পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রেললাইন পার হওয়ার সময়ই ঘটে বিপত্তি। সেই সময় ডাউন লাইনে আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস এগিয়ে আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান জিআরপি। উদ্ধার করা হয় দু’জনের দেহ। পরে পরিবারের সদস্যরা তাঁদের শনাক্ত করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যালের দিকে নজর না দিয়েই মা ও মেয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেছিলেন। যদিও দুর্ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখছে রেলপুলিশ।ভাইফোঁটার মতো পারিবারিক আনন্দের উৎসব শেষে এমন মর্মান্তিক পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। যে মেয়েকে নিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিতে গিয়েছিলেন পূজা, সেই মেয়েকে নিয়েই আর বাড়ি ফেরা হল না তাঁর। মা ও মেয়ের আকস্মিক মৃত্যুতে কৃষ্ণবাটি ও খানা গ্রামে নেমে এসেছে শোকের আবহ।রেললাইন পারাপারে সামান্য অসতর্কতাও যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ঘটনা ফের সেই কঠিন বাস্তব মনে করিয়ে দিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

