AB Live News
দ্বিতীয়-চতুর্থ নয়, এবার প্রতি শনিবারই ছুটি! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫ দিনের কাজের ব্যবস্থা কার্যকর
শ্রীতমা ব্যানার্জী ::ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এবার থেকে প্রতি শনিবার সরকারি ছুটি থাকবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। এর মধ্যে রয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার, ৩০ সেপ্টেম্বর এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা দফতর।গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এক্ট , ১৮৮১-এর ২৫ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে দেশের সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে প্রতি শনিবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ, সরকারি ব্যাঙ্কে সপ্তাহে পাঁচ দিন পরিষেবা দেওয়ার ব্যবস্থাই কার্যত কার্যকর হতে চলেছে। এতদিন দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও মাসের অন্যান্য শনিবার শাখাগুলি খোলা থাকত। নতুন বিজ্ঞপ্তির ফলে এখন থেকে প্রতি শনিবারই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় নিয়মিত ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হবে। বিশেষ করে শনিবার শাখায় গিয়ে টাকা জমা, নগদ উত্তোলন, চেক সংক্রান্ত কাজ বা অন্যান্য পরিষেবা নেওয়ার ক্ষেত্রে আগেভাগে দিন ঠিক করতে হবে। তবে বিজ্ঞপ্তিতে পাবলিক সেক্টর ব্যাংক -এর কথাই উল্লেখ করা হয়েছে,অন্য ধরনের ব্যাঙ্কের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি সরাসরি প্রযোজ্য কি না, তা আলাদা বিষয়। অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত সরকারি নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। ফলে ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

