AB Live News
ঘরের মাঠে পাঞ্জাব-পরীক্ষা, চার বিদেশিকে নিয়ে আজ নামছে ইস্টবেঙ্গল
সঞ্জয় মিত্র :: শারদোৎসবের আবহে শহর যখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত, তখন ইস্ট বেঙ্গলের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা। বুধবার আইএফএ শিল্ডে ঘরের মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে ইস্ট বেঙ্গল। তবে গ্রুপসেরা হতে হলে পাঞ্জাবের বিরুদ্ধে জয় প্রয়োজন। তাই ম্যাচটিকে হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইও সামনে। সেই কথা মাথায় রেখেও পাঞ্জাবের বিরুদ্ধে শক্তিশালী দল নামানোর পরিকল্পনা কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। মঙ্গলবারের অনুশীলনে চার বিদেশিকেই তৈরি রেখেছিলেন স্প্যানিশ কোচ। পাশাপাশি ভারতীয় ফুটবলারদের নিয়েও একাধিক কম্বিনেশন পরীক্ষা করে দেখেছেন তিনি। প্রথম ম্যাচে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে বিদেশিহীন দল খেলিয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে পরিস্থিতি আলাদা। অনুশীলনে রক্ষণে জিভুলিচ ও লালচুংনুঙ্গাকে রেখে উইং-ব্যাকে গেহলট ও বরিস সিংকে খেলানোর পরিকল্পনা দেখা গিয়েছে। রোহিত কুমার ও আসিফ খানকে দুই প্রান্ত থেকে বারবার বল সেন্টার করতে দেখা যায়। সামনে গোলের দায়িত্বে ছিলেন ডেভিড। সেটপিস এবং ম্যাচ-সিচুয়েশন নিয়েও বিশেষ কাজ করেছেন হাবাস। অনুশীলন শেষে হাবাস জানিয়েছেন, বিদেশিরা ফিট রয়েছেন। তবে চূড়ান্ত একাদশ নিয়ে সিদ্ধান্ত ম্যাচের আগেই নেওয়া হবে। অর্থাৎ চার বিদেশিকে প্রস্তুত রাখা হলেও শেষ মুহূর্তে কাদের দিয়ে শুরু করবেন, তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে, শিল্ডের প্রথম ম্যাচেই কলকাতা কাস্টমসকে ৭ গোল দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে পাঞ্জাব এফসি। ফলে ইস্ট বেঙ্গলের জন্য ম্যাচটি যে কঠিন হতে চলেছে, তা বলাই যায়। লাল-হলুদ শিবির অবশ্য ঘরের মাঠে তিন পয়েন্টের লক্ষ্যেই নামতে প্রস্তুত।
ম্যাচ শুরু: দুপুর ২.৩০টা
ভেন্যু: ইস্ট বেঙ্গল মাঠ
সরাসরি সম্প্রচার: ফ্যাlনকোড অ্যাপ
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

