AB Live News
দক্ষিণী স্বাদ নিতে গিয়ে মিলল ‘উত্তরাধিকারী’ ইঁদুর
শ্রীতমা ব্যানার্জী ::দক্ষিণ ভারতীয় খাবার খেতে গিয়ে এমন অভিজ্ঞতা হবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি মুম্বইয়ের এক যুবক। প্লেটে পরিবেশন করা মাইসোর মশলা ধোসার ভিতরেই নাকি মিলল একটি মৃত ইঁদুর! কয়েক গ্রাস খাওয়ার পর সেই দৃশ্য চোখে পড়তেই আতঙ্কে বমি করতে শুরু করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের বোরিভলি পশ্চিমে।অভিযোগ, অমিত ত্রিবেদী তাঁর দুই ভাই ও ছেলেকে নিয়ে বোরিভলি পশ্চিমের রাধাকৃষ্ণ হোটেলে গিয়েছিলেন দক্ষিণ ভারতীয় খাবার খেতে। সেখানে তিনি মাইসোর মশলা ধোসা অর্ডার করেন। কয়েক গ্রাস খাওয়ার পর ধোসার ভিতরে একটি ছোট মৃত ইঁদুর দেখতে পান বলে তাঁর দাবি। সেই দৃশ্য দেখেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বমি শুরু করেন।ঘটনার পর বোরিভলি থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ অভিযোগটি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কাছে পাঠায়। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে খাদ্য নিরাপত্তা দফতর।মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার টুকারাম মুন্ডে অভিযোগ পাওয়ার পর রেস্তরাঁটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-র তরফে পরে জানানো হয়, আপাতত রাধাকৃষ্ণ হোটেলের খাদ্য সংক্রান্ত লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।তবে ধোসার ভিতরে সত্যিই ইঁদুর ছিল কি না, তা এখনও সরকারি তদন্তে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি। অভিযোগের ভিত্তিতেই আপাতত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।ঘটনাটি এমন এক সময়ে সামনে এল, যখন উৎসবের মরসুমকে সামনে রেখে মহারাষ্ট্র জুড়ে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি মুম্বইয়ের একাধিক খাবারের দোকান ও রেস্তরাঁয় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে লাইসেন্স স্থগিত করার মতো পদক্ষেপও করা হয়েছে।খাবারের থালায় এমন দৃশ্য শুধু একজন ক্রেতাকে আতঙ্কিতই করে না, রেস্তরাঁয় খাবারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়। প্রশাসনের তদন্তে এবার সেই প্রশ্নেরই উত্তর খোঁজা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

