Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মধ্য এশিয়ায় মোদীর চার দিনের সফর, নিরাপত্তা থেকে বাণিজ্য, নজরে একাধিক সমীকরণ

0 9,987,469

শ্রীতমা ব্যানার্জী :শনিবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের মধ্য এশিয়া সফর। প্রথমে উজবেকিস্তান, পরে কিরগিজস্তান—এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৯ ও ৩০ অগস্ট উজবেকিস্তানে থাকবেন মোদী। প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। এরপর ৩১ অগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গিয়ে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হবে। দুই দেশের সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও রাশিয়ার সহযোগিতা নিয়েও বৈঠকে পর্যালোচনা হতে পারে।সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মস্কো সফর ঘিরেও ভারত-রাশিয়া সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি সংক্রান্ত আন্তঃসরকারি কমিশনের বৈঠকেও অংশ নিয়েছিলেন জয়শঙ্কর।এ বার সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাস দমন, যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ একাধিক রাষ্ট্রনেতার উপস্থিত থাকার কথা।সম্মেলনে নিজের বক্তব্যে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং নতুন সুযোগ তৈরির মতো বিষয়গুলিকে ভারতের অগ্রাধিকার হিসেবে তুলে ধরতে পারেন মোদী। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও ভারতের পক্ষ থেকে জোর দিয়ে বলা হতে পারে।২০১৭ সালে সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হয় ভারত। তার পর থেকে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্রে এই মঞ্চে ভারতের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়েছে।কিরগিজস্তান সফরে আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মধ্য এশিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা ষষ্ঠ বিশ্ব যাযাবর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।উজবেকিস্তান সফরেও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মোদীর। প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ—বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসতে পারে। তাসখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাসখন্দের প্রাচ্যবিদ্যা বিশ্ববিদ্যালয়ে মহাত্মা গান্ধী কেন্দ্রেও যাওয়ার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে মোদীর এই সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক দিকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের পর্যালোচনা, অন্য দিকে চিন ও পাকিস্তান-সহ একাধিক দেশের রাষ্ট্রনেতার সঙ্গে একই মঞ্চে বৈঠক—মধ্য এশিয়ায় ভারতের কূটনৈতিক অবস্থান আরও জোরদার করার ক্ষেত্রে এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper