Khabor Ekhon
মোবাইল হারানোর রাগে উন্মত্ত! অন্তঃসত্ত্বা কনস্টেবলের মাথায় পরপর রডের আঘাত
শ্রীতমা ব্যানার্জী : ভোরের ব্যস্ততা তখনও শুরু হয়নি। স্টেশনের রেল পুলিশ চেকপোস্টে একাই কর্তব্যরত ছিলেন দুই মাসের অন্তঃসত্ত্বা মহিলা কনস্টেবল শিল্পা। আচমকাই সেখানে হাজির হন এক ব্যক্তি। হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ জানাতে এসে পুলিশের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয় তাঁর। অভিযোগ, মুহূর্তের রাগেই পাশ থেকে একটি লোহার রড তুলে নিয়ে শিল্পার মাথায় এলোপাথাড়ি আঘাত করতে শুরু করেন ওই ব্যক্তি।ঘটনাটি বুধবার ভোর প্রায় ৫টা নাগাদ বেঙ্গালুরুর কেএসআর রেলওয়ে স্টেশনের ভিতরে রেল পুলিশ চেকপোস্টে ঘটে। ঘটনায় গুরুতর আহত হন শিল্পা। তিনি কেএসআর রেলওয়ে থানার অধীনেই কর্মরত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গজেন্দ্র (২৮) পেশায় রাজমিস্ত্রি এবং চেন্নাইয়ের বাসিন্দা। স্টেশন চত্বর থেকে তাঁর মোবাইল ফোন হারিয়ে যায়। সেই অভিযোগ জানাতেই তিনি রেল পুলিশের চেকপোস্টে পৌঁছন। সেই সময় সেখানে একাই ছিলেন শিল্পা। অভিযোগ, অন্য কোনও পুলিশকর্মী না থাকায় শিল্পা তাঁকে পরে আসতে বলেন।এই কথাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গজেন্দ্র। অভিযোগ, আচমকাই তিনি একটি লোহার রড তুলে নিয়ে শিল্পার মাথায় পরপর আঘাত করেন। আচমকা হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা কনস্টেবল।চিৎকার শুনে ছুটে আসেন স্টেশনে থাকা যাত্রী এবং রেলকর্মীরা। তাঁদের সাহায্যেই দ্রুত আহত শিল্পাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।ঘটনার পর শিল্পার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে রেল পুলিশ। তদন্তে নেমে গজেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।একটি হারানো মোবাইলের অভিযোগ জানাতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হল, তা মুহূর্তেই পরিণত হল রক্তাক্ত হামলায়। আর সেই হামলার শিকার হলেন কর্তব্যরত এক অন্তঃসত্ত্বা মহিলা পুলিশকর্মী। ঘটনাকে ঘিরে রেলস্টেশনের নিরাপত্তা এবং কর্তব্যরত পুলিশকর্মীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

