Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নারী-শিশু নির্যাতনে ‘নো কম্প্রোমাইজ’, পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ শুভেন্দুর

0 5,903,503

শ্রীতমা ব্যানার্জী :: মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কোনও রকম আপস নয়। পুলিশকে আরও কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে রাখিবন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশ আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। শুভেন্দু বলেন, মহিলা ও শিশুদের নিরাপত্তার প্রশ্নে পুলিশকে প্রয়োজন হলে “খুব কঠোর” পদক্ষেপ করতে হবে। তাঁর কথায়, এমন কোনও পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, যা আরজি করের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। একই সঙ্গে পকসো আইনের আওতায় আসা অপরাধের ক্ষেত্রেও পুলিশকে সতর্ক এবং কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা, “মা-বোন-মেয়েদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয়।” পুলিশ আইন মেনে কঠোর পদক্ষেপ করলে প্রশাসনের তরফে তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তাঁর বক্তব্য, কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে কোনও পুলিশ আধিকারিকের উপর চাপ এলে তিনি নিজে তাঁদের পাশে থাকবেন।এদিন দেশের প্রতি দায়িত্ববোধ এবং দেশাত্মবোধ নিয়েও পুলিশ ও সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী। জাতীয় প্রতীককে সম্মান করার পাশাপাশি ‘দেশবিরোধী কার্যকলাপ’-এর ক্ষেত্রে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব কিংবা চাপের কাছে নতিস্বীকার না করার আহ্বান জানান তিনি। তবে শুধু অপরাধ দমন নয়, পুলিশের জরুরি পরিষেবায় সাড়া দেওয়ার গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। জাতীয় জরুরি নম্বর ১১২-এ ফোন পাওয়ার পর পুলিশ কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছচ্ছে, তা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশে ১১২ নম্বরে ফোনের পর পুলিশের গড় সাড়া দেওয়ার সময় প্রায় ছয় মিনিট। বাংলায় সেই সময় অনেক বেশি। কলকাতা পুলিশের পরিকাঠামো ও জনবল তুলনামূলকভাবে উন্নত হওয়ায় তাদের প্রতিক্রিয়ার গতি রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় ভালো বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতি বদলাতে রাজ্যের প্রতিটি থানায় একটি করে নতুন গাড়ি দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের ৫১২টি থানায় একটি করে গাড়ি দেওয়া হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আরও গাড়ি যুক্ত করা হবে। মহালয়ার দিন এই ৫১২টি গাড়ি চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এর পাশাপাশি পুলিশের নজরদারিতে সাইবার অপরাধকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন শুভেন্দু। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন প্রতারণা, ডিজিটাল অপরাধ এবং সাইবার ক্রাইমের ধরনও বদলাচ্ছে। তাই অপরাধ প্রতিরোধের পাশাপাশি দ্রুত অপরাধ শনাক্ত করার উপরও জোর দেওয়ার বার্তা দেন তিনি। লালবাজারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট—মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ, জরুরি পরিষেবায় পুলিশের সাড়া এবং সাইবার অপরাধ দমন—এই তিন ক্ষেত্রেই আগামী দিনে আরও সক্রিয় পুলিশি ভূমিকা চাইছে রাজ্য প্রশাসন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper