Khabor Ekhon
বালি নিয়ে বিক্ষোভে লাগাম, এবার কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার
শ্রীতমা ব্যানার্জী :বৈধ বালি উত্তোলন ও পরিবহণের কাজে কোনওরকম বাধা বরদাস্ত করা হবে না। বেআইনি কার্যকলাপের অভিযোগ থাকলে প্রশাসনের দ্বারস্থ হতে হবে, কিন্তু আইন মেনে চলা ব্যবসায় বাধা সৃষ্টি করলে কড়া পদক্ষেপ করা হবে। রবিবার আসানসোলে দাঁড়িয়ে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।আসানসোলের রবীন্দ্র ভবনে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।সেখানেই বালি পরিবহণকে কেন্দ্র করে চলতে থাকা স্থানীয় বিক্ষোভ ও অবরোধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।অগ্নিমিত্রার বক্তব্য, কোথাও বেআইনি কাজকর্ম চোখে পড়লে সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাতে পারেন।প্রয়োজনে তাঁকে, মুখ্যমন্ত্রীকে কিংবা অন্য মন্ত্রী ও বিধায়কদের কাছেও লিখিত অভিযোগ জমা দেওয়া যেতে পারে।কিন্তু অভিযোগের নামে রাস্তা অবরোধ করে বৈধ ব্যবসায়িক কাজকর্ম বন্ধ করে দেওয়ার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।এমন ঘটনা ঘটলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।প্রসঙ্গত, আসানসোল দক্ষিণের একাধিক এলাকায় দামোদর নদের তীরবর্তী বালি খাদানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে।তিরাট ও দামড়ার মতো এলাকায় বালি উত্তোলন এবং ভারী বালিবোঝাই গাড়ির যাতায়াত নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ রয়েছে।সম্প্রতি দামড়া এলাকায় পুরুলিয়া থেকে বালি নিয়ে আসা একটি ট্রাক্টর আটকে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, জনবহুল রাস্তা দিয়ে বালিবোঝাই গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করছে।স্থানীয়দের এই উদ্বেগের কথা মাথায় রেখে স্কুল চলাকালীন সময়ে বালিবোঝাই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন বলে জানান অগ্নিমিত্রা।পাশাপাশি আবাসিক এলাকায় এই ধরনেরগাড়ি চালানোর ক্ষেত্রে প্রশিক্ষিত চালক থাকা বাধ্যতামূলক বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে, সেতু মেরামতির দাবিতে হরভাঙায় অবরোধের প্রসঙ্গও তোলেন মন্ত্রী। তাঁর প্রশ্ন, নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত প্রায় তিন মাস আগেই নেওয়া হয়েছে, তাহলে অবরোধের প্রয়োজন কোথায়?উল্লেখ্য, বর্ষার কারণে দামোদর নদের তীরবর্তী এলাকায় তিন মাসেরও বেশি সময় বন্ধ ছিল বৈধ বালি পরিবহণের কাজ। চলতি মাসে ফের সেই ব্যবসা শুরু হয়েছে।এই পরিস্থিতিতে বৈধ বালি পরিবহণ স্বাভাবিক রাখতে প্রশাসনিক কড়াকড়ির বার্তা দিলেন অগ্নিমিত্রা।তবে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা, রাস্তার অবস্থা এবং বেআইনি বালি কারবারের অভিযোগ, এই তিনটি বিষয়কে ঘিরে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

