Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শুক্রবার কলকাতায় দুর্যোগের ঘণ্টা, ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির সতর্কতা

0 66,464

শ্রীতমা ব্যানার্জী: ফের দুর্যোগের আশঙ্কা বাংলার আকাশে। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। এর সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় না থাকলেও তার প্রভাবে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালেও শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট দেখা যায়। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে কলকাতায় প্রায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চিংড়িঘাটায় বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ৩১ মিলিমিটার।আবহবিদদের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।বর্তমানে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।তবে কলকাতা ও দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ তুলনামূলক কম, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকার পূর্বাভাস রয়েছে। শুক্রবার এবং শনিবার সকালের দিকে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। শনিবার দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা রয়েছে।প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় থাকা, গাছের নীচে আশ্রয় নেওয়া এবং বিদ্যুতের খুঁটির কাছে দাঁড়ানো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।সব মিলিয়ে সপ্তাহের শেষভাগে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে। বিশেষ করে শুক্রবার যাঁদের জরুরি কাজে বাইরে বেরোতে হবে, তাঁদের আবহাওয়ার সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper