Khabor Ekhon
মসজিদ ঘিরে অভিযান, শেষ হল লতিফের জঙ্গি অধ্যায়
শ্রীতমা ব্যানার্জী : জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাটের। বুধবার দক্ষিণ কাশ্মীরের জাঙ্গালপোরা এলাকায় নিরাপত্তাবাহিনীর বিশেষ অভিযানে খতম হয় সে। মসজিদের ভিতরে আশ্রয় নিয়েও শেষরক্ষা হল না ২২ বছরের এই জঙ্গির।পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলগামের দেবসর এলাকার জাঙ্গালপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে যৌথ নিরাপত্তাবাহিনী। অভিযান চলাকালীন লতিফকে ঘিরে ফেলা হয়। তাকে আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়েছিল। এমনকী ভিডিও কলের মাধ্যমে পুলিশ ও সেনার আধিকারিকরা তাকে অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করার আবেদন জানান। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে। অভিযান চলাকালীন একটি মসজিদের ভিতর থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় লতিফ। ধর্মীয় স্থাপনার যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রেখে সংযম দেখায় বাহিনী। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই লস্কর কমান্ডারের। পুলিশ সূত্রে দাবি, অভিযানে মসজিদটির কোনও ক্ষতি হয়নি। উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি পোস্টে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল লতিফের বিরুদ্ধে। ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। সিসিটিভি ফুটেজে হামলার আগে এলাকায় রেকি করার ছবিও সামনে আসে। তার সহযোগী উমর নিসার দার গত ১৬ নভেম্বর নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল।লতিফের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৫ লক্ষ টাকা। তার মৃত্যুকে কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে দেখছে নিরাপত্তাবাহিনী।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

