Khabor Ekhon
বেলুড় মঠে শোকের ছায়া, প্রয়াত রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি
শ্রীতমা ব্যানার্জী :আধ্যাত্মিক জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বেলুড় মঠ-সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী, ভক্ত এবং অনুরাগীদের মধ্যে।দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন মহারাজ। হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, কিডনির অসুস্থতা এবং রক্তে সংক্রমণের কারণে তাঁর চিকিৎসা চলছিল বৃন্দাবনের হাসপাতালে। সেখানেই শেষ হয় তাঁর দীর্ঘ আধ্যাত্মিক জীবনের পথচলা। আগামী মঙ্গলবার দুপুর ২টো নাগাদ বৃন্দাবনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৩৬ সালের ১ জুলাই কেরলের এর্নাকুলাম জেলায় জন্ম স্বামী ভজনানন্দজি মহারাজের। ছোটবেলা থেকেই ধর্মীয় অধ্যয়ন ও আধ্যাত্মিক সাধনার প্রতি গভীর আকর্ষণ ছিল তাঁর। ১৯৬১ সালে বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যোগ দেন তিনি। দীর্ঘ সাধনা ও সাংগঠনিক দায়িত্ব পালনের পর ১৯৭১ সালে স্বামী বীরেশ্বরানন্দজির কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। ১৯৭৮ সাল পর্যন্ত বেঙ্গালুরু মঠে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। পরবর্তী সময়ে রামকৃষ্ণ সঙ্ঘের ইংরেজি পত্রিকা ‘প্রবুদ্ধ ভারত’-এর সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। শুধু আধ্যাত্মিক সাধনাই নয়, দর্শন, ধর্মতত্ত্ব ও সাহিত্যচর্চাতেও তাঁর বিশেষ অবদান ছিল। ১৯৯০ সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের সদস্য হন। ১৯৯২ সালে সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ ২৫ বছর এই দায়িত্ব পালনের পর ২০২২ সালের এপ্রিল মাসে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি নির্বাচিত হন। বেদান্ত, পতঞ্জলির যোগদর্শন এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে তাঁর গভীর পাণ্ডিত্য ছিল। শ্রীশ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আজীবন কাজ করে গিয়েছেন তিনি। মহারাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, স্বামী ভজনানন্দজি মহারাজের জীবন, ত্যাগ, আধ্যাত্মিক সাধনা এবং মানবসেবার আদর্শ বহু মানুষের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। একজন সাধক, শিক্ষক ও পণ্ডিতের প্রয়াণে রামকৃষ্ণ আন্দোলনের আধ্যাত্মিক ও সাংগঠনিক পরিসরে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

