Khabor Ekhon
বাজির বচসা, গুলিতে রক্তাক্ত রাষ্ট্রপতির দেহরক্ষী
রাজনন্দিনী ঘোষ :উত্তরপ্রদেশে দীপাবলির আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। বাজি ফাটানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে মাথায় গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনার এক জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগপত জেলার একটি গ্রামে।আহত জওয়ানের নাম সৌরভ তোমর। বয়স ২৬ বছর। তিনি রাষ্ট্রপতি ভবনে নিযুক্ত প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য। ২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। দীপাবলি উপলক্ষে ছুটিতে নিজের গ্রাম গোপালপুর খদানা গ্রামে পরিবারের সঙ্গে উৎসব কাটাতে এসেছিলেন সৌরভ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর রাতে বাড়ির বাইরে ভাইদের সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন সৌরভ। সেই সময় প্রতিবেশী দুই ভাই ধীরজ ও মনুর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। বাজি ফাটানো নিয়ে শুরু হওয়া কথা কাটাকাটি দ্রুত সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ, একপর্যায়ে ধীরজ দেশি পিস্তল বের করে গুলি চালায়। গুলিটি প্রথমে দেওয়ালে লাগে, পরে ছিটকে এসে সৌরভের মাথায় আঘাত করে। মাথার কানের পিছনের দিকে গুলি লাগে তাঁর।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়। সর্বশেষ পুলিশি তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনায় সৌরভের বাবা জনক রাজের অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করতে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক।উল্লেখ্য, প্রেসিডেন্টস বডিগার্ড ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ অশ্বারোহী রেজিমেন্ট। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির নিরাপত্তা ও বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত এই বিশেষ বাহিনীর এক সদস্যের উপর এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

