Khabor Ekhon
ভারতের হয়ে সাতটি টেস্ট, এবার নতুন দেশের হয়ে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন
সঞ্জয় মিত্র : ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সন্ধানে প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অধ্যায় শেষ করলেও ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই তাঁর। বরং এবার সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৬ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ভরত। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের হয়ে মোট সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। এই সময় তাঁর সংগ্রহ ২২১ রান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪৪। তবে ভারতীয় দলের নিয়মিত উইকেটকিপার হিসেবে জায়গা পাকা করতে পারেননি তিনি। এবার তাঁর লক্ষ্য নতুন ঠিকানা। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চান এই উইকেটকিপার। সেই লক্ষ্যে আপাতত আবু ধাবি টি১০ লিগে এমিরেটস ঈগলসের হয়ে খেলছেন তিনি। পাশাপাশি দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলনও করছেন। ভরত জানিয়েছেন, দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলার অনুভূতি অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে তাঁর কাছে মাঠে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স করার পরও তাঁর মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখার ক্ষমতা এখনও রয়েছে। তাঁর কথায়, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার দিন এখনও তাঁর ফুরিয়ে যায়নি। সেই বিশ্বাস থেকেই অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার সংযুক্ত আরব আমিরশাহির হয়ে নতুন করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাই তাঁর পরিকল্পনা। তবে এই প্রত্যাবর্তনের জন্য তাঁকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বাধ্যতামূলক কুলিং-অফ পিরিয়ড শেষ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। তারপরই সংযুক্ত আরব আমিরশাহির হয়ে খেলার সম্ভাবনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন তিনি। দুবাইয়ে ক্রিকেটের পরিকাঠামো এবং বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের সুযোগ নিয়েও সন্তুষ্ট ভরত। তাঁর মতে, আবু ধাবি টি১০-এর মতো দ্রুতগতির ক্রিকেটে খেলতে গেলে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এই অভিজ্ঞতা তাঁকে নতুন করে তৈরি হতে সাহায্য করছে। ভারতের হয়ে সাতটি টেস্ট খেলার পর এবার অন্য দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন। কেএস ভরতের এই নতুন ইনিংস শেষ পর্যন্ত কতটা সফল হয়, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

