Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাজনীতির আলোয় ঢাকা পড়েছিল এক মায়ের কান্না, প্রথম সন্তানকে হারানোর সেই যন্ত্রণা এবার প্রকাশ্যে আনলেন সোনিয়া

0 553,264

শ্রীতমা ব্যানার্জী :রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি প্রতিবেদন। রাহুল গান্ধীর জন্মের আগে তাঁদের ঘরে এক পুত্রসন্তান এসেছিল বলে দাবি করা হয়েছে। গান্ধী পরিবারের পরিচিত ইতিহাসের আড়ালে থাকা এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

প্রথম সন্তানকে হারানোর বেদনা, স্মৃতিকথায় অজানা অধ্যায় তুলে ধরলেন সোনিয়া

১৯৬৮ সালের সেপ্টেম্বর মাস। গান্ধী পরিবারে তখন নতুন অতিথির আগমনের অপেক্ষা। রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর জীবনে প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দ। পরিবারের সদস্যরাও খুশিতে আত্মহারা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও পুত্রবধূর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি।সোনিয়া গান্ধীর স্মৃতিকথা বেলোঙ্গিং : এ জার্নি অফ লাভ -এ উঠে এসেছে জীবনের সেই মর্মান্তিক অভিজ্ঞতা। ২০২৬ সালের ১০ নভেম্বর প্রকাশিত এই বইয়ে তিনি জানিয়েছেন, ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের প্রায় দু’মাস আগেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম হলেও শিশুটিকে রাখা হয়েছিল ইনকিউবেটরে। জন্মের পর সন্তানের প্রথম কান্না শুনেছিলেন সোনিয়া। পরে রাজীব তাঁকে শিশুটির কাছে নিয়ে যান।স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, শিশুটির ঘন কালো চুল এবং লম্বা সরু আঙুল ছিল। সন্তানকে প্রথম দেখার মুহূর্তে রাজীব ও তিনি দু’জনেই আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন। কিন্তু চিকিৎসকদের আশঙ্কা ছিল, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা কম।শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। জন্মের প্রায় একদিনের মধ্যেই মৃত্যু হয় শিশুটির। ভোর সাড়ে ছ’টা নাগাদ মৃত্যুসংবাদ রাজীবের কাছ থেকে জানতে পারেন সোনিয়া। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে তাঁদের সাজানো স্বপ্ন। সোনিয়া লিখেছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। রাজীবও নিজেকে সামলাতে পারেননি। দু’জনে একে অপরকে আঁকড়ে ধরে সেই অসহনীয় শোকের মুহূর্ত পার করেছিলেন।

সন্তানের শেষকৃত্য নিয়ে কঠিন সিদ্ধান্ত

সন্তান হারানোর শোকের মধ্যেই সামনে আসে আরেকটি কঠিন প্রশ্ন, কীভাবে হবে সদ্যোজাতের শেষকৃত্য?সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, তৎকালীন প্রচলিত হিন্দু রীতি অনুসারে সদ্যোজাত শিশুর দেহ সাধারণত দাহ করা হতো না। নদীতে বিসর্জনের প্রথার কথাও সামনে আসে। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সোনিয়া।এর পিছনে ছিল তাঁর নিজের দেখা একটি ভয়াবহ স্মৃতি। ওখলা ব্যারাজের কাছে একবার নদীতে ভেসে থাকা একটি মৃতদেহ দেখেছিলেন তিনি। সেই দৃশ্য তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল। নিজের সদ্যোজাত সন্তানকেও একইভাবে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ভাবতে পারেননি তিনি।অন্যদিকে, খ্রিস্টান বা পার্সি কবরস্থানেও শিশুটিকে সমাহিত করার বিষয়টি সহজ ছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়, মেহরৌলিতে ফিরোজ গান্ধীর খামারবাড়িতে সমাহিত করা হবে শিশুটিকে।রাজীব গান্ধী ও তাঁর ভাই সঞ্জয় গান্ধী মিলে একটি গোলাপি বোগেনভিলিয়া গাছের নিচে শিশুটিকে সমাহিত করেন। সোনিয়া জানিয়েছেন, দীর্ঘদিন তাঁরা যখনই ওই জায়গায় যেতেন, সেখানে একটি করে ফুল রেখে আসতেন। তাতে শোক কমেনি, কিন্তু স্মৃতির সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন তাঁরা।

ইন্দিরা গান্ধীরও ভেঙে পড়েছিলেন

নাতির মৃত্যুর খবর পেয়ে ইন্দিরা গান্ধী নিজের সফর সংক্ষিপ্ত করে হাসপাতালে ছুটে এসেছিলেন। সোনিয়ার বর্ণনা অনুযায়ী, তাঁর চোখও ছিল কান্নায় লাল ও ফুলে ওঠা। পুত্র ও পুত্রবধূকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ তাঁদের পাশে বসেছিলেন তিনি। পরিবারের এই শোক তাঁকেও গভীরভাবে আঘাত করেছিল।

শোকের মধ্যেও সহ্য করতে হয়েছিল অপমান

সন্তান হারানোর যন্ত্রণা সোনিয়াকে দীর্ঘদিন তাড়া করে বেড়িয়েছে। নিজের স্মৃতিকথায় তিনি জানিয়েছেন, সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজেকে অপর্যাপ্ত ও অপরাধী মনে হতো তাঁর।এর মধ্যেই একটি দক্ষিণপন্থী বিরোধী সংবাদপত্রে প্রকাশিত হয় অত্যন্ত কুরুচিকর একটি প্রতিবেদন। সেখানে ইন্দিরা গান্ধীকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছিল। সোনিয়ার কথায়, সেই লেখা তাঁর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। সন্তান হারানোর শোকের সঙ্গে যুক্ত হয়েছিল সামাজিক বিদ্বেষ ও অপমানের যন্ত্রণা।

এরপর জন্ম রাহুল গান্ধীর

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন রাজীব ও সোনিয়া। ১৯৬৯ সালের অক্টোবর মাসে আবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর রাজীবকে জানান সোনিয়া। আগের অভিজ্ঞতার কারণে আনন্দের পাশাপাশি মনে ছিল ভয় ও উদ্বেগও।অবশেষে ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় রাহুল গান্ধীর। পরবর্তী সময়ে প্রিয়াঙ্কা গান্ধীও তাঁদের পরিবারে আসেন।সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথা নিছক রাজনৈতিক জীবনের বিবরণ নয়। বরং একজন মা, একজন স্ত্রী এবং ব্যক্তিগত শোকের সঙ্গে লড়াই করা এক নারীর জীবনের এমন এক অধ্যায়, যা এতদিন সাধারণের অজানাই ছিল। রাজনীতি ও ক্ষমতার পরিচিত পরিসরের বাইরে গান্ধী পরিবারের এই ব্যক্তিগত বেদনা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

তথ্যসূত্র: সোনিয়া গান্ধীর স্মৃতিকথা Belonging: A Journey of Love 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper