Khabor Ekhon
বাবা বীরুর পথে ছেলে,১৬০ রানের ঝড়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
সঞ্জয় মিত্র : ক্রিকেটের মঞ্চে বাবার পরিচিতি বিশাল। বীরেন্দ্র সেহওয়াগের ছেলে হিসেবে প্রত্যাশার চাপও কম নয়। কিন্তু সেই পরিচয়ের আড়ালে হারিয়ে যেতে রাজি নন আর্যবীর সেহওয়াগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ব্যাট হাতে যে দাপট দেখালেন তিনি, তাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সমর্থকরা।মঙ্গলবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে কার্যত একার হাতেই ভারতীয় ইনিংসকে বড় জায়গায় পৌঁছে দিলেন আর্যবীর। ১৬৮ বলে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং সাতটি ছক্কা। যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আর্যবীরের প্রথম শতরান।শুরুটা অবশ্য খুব একটা আক্রমণাত্মক ছিল না। উইকেটের চরিত্র বুঝে ধীরে ধীরে নিজের ইনিংস সাজান তরুণ ওপেনার। প্রথম দিকে রান তুলতে কিছুটা সময় নিলেও ক্রিজে সেট হয়ে যাওয়ার পর পাল্টে যায় তাঁর ব্যাটিংয়ের ছবি। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে চাপে পড়ে যায় আমিরশাহির বোলিং বিভাগ।দ্বিতীয় উইকেটে ভিকে ভিনীতের সঙ্গে ১৯৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন আর্যবীর। ভিনীত করেন ৬৭ রান। এই জুটিই ভারতকে বড় রানের ভিত তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৯ রান তোলে ভারত।জবাবে ব্যাট করতে নেমে আমিরশাহি ৫০ ওভারে ২৩৯ রানেই থেমে যায়। দলের হয়ে আহমেদ খুদাদাদ ৭৪ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ভারতের হয়ে ইশান সুদ দুরন্ত বোলিং করে চারটি উইকেট তুলে নেন। ফলে ৭০ রানে ম্যাচ জিতে নেয় ভারত।এই জয় ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হারের পর সেমিফাইনালে ওঠার জন্য এই ম্যাচে জেতা কার্যত বাধ্যতামূলক হয়ে পড়েছিল। আর্যবীরের ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে শেষ পর্যন্ত শেষ চারে জায়গা করে নিল ভারত।এবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। বৃহস্পতিবার সেই ম্যাচে নামবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।বীরেন্দ্র সেহওয়াগের আক্রমণাত্মক ক্রিকেটের ছাপ ছেলের খেলাতেও খুঁজে পাচ্ছেন অনেকে। তবে আর্যবীরের এই ইনিংস শুধু পারিবারিক পরিচয়ের কারণে গুরুত্বপূর্ণ নয়, বরং নিজের দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ হিসেবেও তা বিশেষ তাৎপর্যপূর্ণ। বাবার মতোই বড় মঞ্চে দাপট দেখানোর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এবার নজর সেমিফাইনালে, সেখানেও কি জ্বলে উঠবে সেহওয়াগ পরিবারের নতুন তারকা?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

