Khabor Ekhon
দীপাবলিকে ‘খুশির ঈদ’ বলেই বিতর্কে খাড়গে, রাহুলকেও চ্যালেঞ্জ বিজেপির
শ্রীতমা ব্যানার্জী :দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে উৎসবকে ‘খুশিয়োঁ কা ঈদ’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর তাঁর সেই মন্তব্য ঘিরেই এবার জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। খাড়গের বক্তব্যের তীব্র সমালোচনা করে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। শুধু তাই নয়, খাড়গে ও রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপাবলির শুভেচ্ছা জানান খাড়গে। তিনি বলেন, দীপাবলি ভারতের একটি বড় উৎসব, দেশের সর্বত্র এই উৎসব পালিত হয়। আনন্দ ও খুশির উৎসব বোঝাতেই তিনি দীপাবলিকে ‘খুশিয়োঁ কা ঈদ’ বলে উল্লেখ করেন।কিন্তু তাঁর এই মন্তব্যকেই হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিজেপির জাতীয় মিডিয়া সহ-প্রধান তথা মুখপাত্র প্রদীপ ভান্ডারীর অভিযোগ, হিন্দুদের বড় উৎসবের দিনেও ভোটব্যাঙ্কের রাজনীতি করতে পিছপা হচ্ছে না কংগ্রেস। তাঁর দাবি, এই মন্তব্যের মধ্য দিয়ে কংগ্রেসের সনাতনবিরোধী মানসিকতা প্রকাশ পেয়েছে।বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়াও সমাজমাধ্যমে খাড়গেকে আক্রমণ করেন। তাঁর প্রশ্ন, হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দীপাবলিকে তার নিজস্ব পরিচয়ে উল্লেখ করতে সমস্যা কোথায়? ঈদের যেমন আলাদা গুরুত্ব রয়েছে, তেমনই দীপাবলিরও নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় তাৎপর্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।এখানেই থেমে থাকেননি ভাটিয়া। খাড়গে ও রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর প্রশ্ন, তাঁরা কি কখনও ঈদকে ‘দীপাবলির আনন্দ’ বলে উল্লেখ করার সাহস দেখাবেন? বিজেপির দাবি, ধর্মীয় উৎসবের নিজস্ব পরিচয় ও বিশ্বাসকে সম্মান করা উচিত।অন্যদিকে বিজেপি নেতা তুহিন সিনহাও কংগ্রেসকে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির কারণেই হিন্দুদের প্রতিটি উৎসবকে ঈদের সঙ্গে তুলনা করতে চাইছে কংগ্রেস।সব মিলিয়ে দীপাবলির শুভেচ্ছাবার্তাকে কেন্দ্র করে ফের একবার সংঘাতের আবহ তৈরি হয়েছে দেশের রাজনীতিতে। উৎসবের বার্তায় সম্প্রীতির আহ্বান জানাতে গিয়ে খাড়গের একটি শব্দচয়নই এখন বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক তরজার কেন্দ্রে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

