Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সিঙ্গুরের স্মৃতি মুছে শ্যামাপ্রসাদের প্রবেশ, বদলে যাচ্ছে বাংলার স্কুলের ইতিহাস

0 26,764

শ্রীতমা ব্যানার্জী :বাংলার স্কুলপাঠ্যে বড়সড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। এবার থেকে স্কুলের পাঠ্যবইয়ে জায়গা পেতে চলেছে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান। অন্যদিকে, অষ্টম শ্রেণির ইতিহাসের বই থেকে বাদ পড়ছে সিঙ্গুরের জমি আন্দোলনের অধ্যায়। বুধবার শিক্ষামন্ত্রী দীপক বর্মন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নতুন পাঠ্যক্রমে বাংলার ইতিহাস এবং রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পাঠ্যক্রম সংশোধনের দায়িত্বে থাকা কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শেষ করেছে। সংশোধিত পাঠ্যসূচিতে প্রতিটি শ্রেণির পাঠ্যবইয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মের সংক্ষিপ্ত পরিচয় রাখা হবে। বাংলার ইতিহাসে তাঁর ভূমিকা এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান সম্পর্কে পড়ুয়ারা যাতে প্রাথমিক ধারণা পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।তবে এই পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সিঙ্গুর আন্দোলনের অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্ত। এতদিন অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে জায়গা ছিল সিঙ্গুরের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে সিঙ্গুরকে কেন্দ্র করে যে রাজনৈতিক আন্দোলন বাংলার রাজনীতিতে বড় মোড় এনেছিল, সেই অধ্যায় এবার আর পড়তে হবে না পড়ুয়াদের। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন রাজ্যের রাজনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছিল। টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্প সিঙ্গুর থেকে সরে যাওয়ার ঘটনাও এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।শুধু সিঙ্গুর নয়, পাঠ্যবই থেকে বাদ পড়তে চলেছে কন্যাশ্রী প্রকল্পের অধ্যায়ও। ষষ্ঠ শ্রেণির বইয়ে থাকা এই অংশ সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।পাঠ্যক্রমে নতুন সংযোজনও কম নয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-কে পৃথক বিষয় হিসেবে চালু করার পরিকল্পনা রয়েছে। এর জন্য থাকবে নির্দিষ্ট পাঠ্যসূচি। পাশাপাশি সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য তৃতীয় ভাষার পাঠ্যবইও আনা হচ্ছে।আরও একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল, প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে এবার থেকে ছাপা হবে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’। পাশাপাশি পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে পাঠ্যবইয়ের কাগজের মানও উন্নত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।সব মিলিয়ে রাজ্যের স্কুলশিক্ষায় নতুন করে ইতিহাস, ঐতিহ্য এবং পাঠ্যক্রমের বিন্যাস সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে সিঙ্গুর আন্দোলনের মতো বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়া এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনকে নতুন করে পাঠ্যবইয়ে জায়গা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আগামী দিনে রাজনৈতিক ও শিক্ষামহলে আলোচনা যে আরও তীব্র হবে, তা বলাই যায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper