Khabor Ekhon
ট্রেনযাত্রীর ব্যাগে টাকার পাহাড়, খড়্গপুরে ১.৪০ কোটি উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য
শ্রীতমা ব্যানার্জী : ট্রেনযাত্রীর ব্যাগে থরে থরে সাজানো ৫০০ টাকার নোট। অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে! এক-দু’লক্ষ নয়, একেবারে ১ কোটি ৪০ লক্ষ টাকা। বুধবার খড়্গপুর রেলস্টেশনে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল সরকারি রেল পুলিশ (জিআরপি)। ঘটনায় আটক করা হয়েছে ওই যাত্রীকে। টাকার উৎস ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।রেল সূত্রে খবর, সকালে জনশতাব্দী এক্সপ্রেস থেকে খড়্গপুর স্টেশনে নামেন ওই ব্যক্তি। এরপর হাওড়াগামী অন্য একটি ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত জিআরপি কর্মীদের। এরপর তাঁকে আটক করে সঙ্গে থাকা লাগেজ ও পিঠের ব্যাগে তল্লাশি চালানো হয়।তল্লাশিতেই সামনে আসে বিপুল নগদ টাকার হদিস। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটের একাধিক বান্ডিল। সব মিলিয়ে টাকার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।জিআরপি সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম রাহুল সোনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে এল, কেনই বা তা নিয়ে তিনি ট্রেনে যাতায়াত করছিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।ইতিমধ্যেই উদ্ধার হওয়া নগদ টাকার বিষয়টি আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকার উৎস এবং এর পিছনে কোনও আর্থিক অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন আয়কর আধিকারিকরা।রেলস্টেশনের মতো জনবহুল জায়গায় এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই টাকার সঙ্গে কোনও বেআইনি লেনদেনের যোগ রয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

