Khabor Ekhon
স্টিক হাতে অধিনায়ক, গোলের বন্যায় বিধ্বস্ত মালয়েশিয়া,হরমনপ্রীতের হ্যাটট্রিকে ভারতের জয়জয়কার
সঞ্জয় মিত্র : জলন্ধর : অধিনায়কের স্টিকেই যেন গোলের বৃষ্টি! হরমনপ্রীত সিংয়ের দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারাল ভারত। রবিবারের এই জয়ের সঙ্গে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়ে নিজেদের দাপট আরও একবার বুঝিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। খেলার তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তবে ভারতের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের ২৫ মিনিটে আকিমুল্লাহ আনোয়ারের গোলে সমতা ফেরায় মালয়েশিয়া। প্রথমার্ধের শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১।দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য মেজাজে মাঠে নামে ভারত। ৩৩ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। এরপর ৪৩ মিনিটে সুখজিৎ সিংয়ের দুরন্ত ফিল্ড গোলে ব্যবধান বাড়ে ৩-১। মাঝমাঠ থেকে হার্দিক সিংয়ের তৈরি করে দেওয়া আক্রমণকে অসাধারণ টমাহক শটে জালে জড়ান সুখজিৎ।ম্যাচের শেষ পর্বে ফের নিজের জাত চেনান ভারত অধিনায়ক। ৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত। শেষ মুহূর্তে ৬০ মিনিটে শেলো সিলভেরিয়াস একটি গোল শোধ করলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে।এই জয়ের ফলে প্রতিযোগিতায় ভারতের জয়ের সংখ্যা দাঁড়াল চার। এর আগে বাংলাদেশকে ১৩-০, চিনকে ৫-২ এবং জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল ভারত। পাঁচবারের চ্যাম্পিয়নদের ধারাবাহিক পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে।উল্লেখযোগ্য বিষয়, ভারত ও মালয়েশিয়া দু’দলই ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা পাকা করেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানও শেষ চারে পৌঁছেছে। সোমবার লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালের আগে নিজেদের প্রস্তুতি আরও মজবুত করাই লক্ষ্য হরমনপ্রীতদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

