AB Live News
শিক্ষক বদলিতে কোটি টাকার দুর্নীতির তদন্তে নামল পুলিশ
শিবনাথ দাস : শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পূর্বতন তৃণমূল জমানার শিক্ষক বদলি নিয়েও মারাত্মক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এল। পছন্দের স্কুলে বদলি পাইয়ে দেওয়ার নামে একেকজন শিক্ষকের কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা করে দাবি করা হত বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ জমা পড়েছে। শুনানির সময় এক শিক্ষক সরাসরি এজলাসে বিচারপতি অমৃতা সিনহার সামনে টাকা দাবির অডিও রেকর্ড বাজিয়ে শোনান। সেই কথোপকথন শুনে তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। গোটা ঘটনার শিকড় কত দূর বিস্তৃত, তা খুঁজে বের করতে কলকাতা পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, পছন্দের স্কুলে বদলির জন্য দীর্ঘদিন ধরে আবেদন করেও কাজ না হওয়ায় ওই শিক্ষকের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে সরাসরি দুই লক্ষ টাকা ঘুষ দাবি করা হয় এবং টাকা দিলেই দ্রুত সুবিধাজনক স্কুলে বদলির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই শিক্ষক পুরো ফোনালাপটি গোপনে রেকর্ড করে রাখেন এবং পরবর্তীতে ন্যায়বিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হন। এজলাসে সেই চাঞ্চল্যকর অডিও ক্লিপটি পেশ করা মাত্রই তীব্র শোরগোল পড়ে যায়। আদালতে এই দুর্নীতির নিরপেক্ষ ও কড়া তদন্তের সওয়াল করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে কসবা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) অবিলম্বে তদন্তে নামার নির্দেশ দিয়েছেন। কোন নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল, সেই ফোনের সূত্র ধরে এই তোলাবাজির আড়ালে শিক্ষা দপ্তর বা প্রভাবশালীদের কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে কসবা থানাকে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দিতে হবে। একই সঙ্গে এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট এলাকার জেলা বিদ্যালয় পরিদর্শকের (ডিআই) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই কসবার ডিআই-কেও ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আদালতে আলাদা রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। ফলে নিয়োগ দুর্নীতির পর শিক্ষক বদলি সংক্রান্ত এই নতুন চক্রের পর্দাফাঁস রাজ্য প্রশাসনে নতুন করে আলোড়ন ফেলে দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

