Khabor Ekhon
প্রতীক খুইয়ে দেওয়ালে পিঠ, অবশেষে দম্ভ ভাঙল মমতার
শিবনাথ দাস: সাধের জোড়াফুল হাতছাড়া, দলীয় নামটুকু ব্যবহারের অধিকারও ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। নিজের হাতে তৈরি গোটা সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর রাজনৈতিক অস্তিত্ব যখন তলানিতে, ঠিক তখনই অহমিকা বিসর্জন দিয়ে সুর নরম করতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথাকথিত ‘গোদি মিডিয়া’কে বয়কটের যে গর্জন তিনি এতদিন ধরে দেখিয়ে আসছিলেন, চরম সংকটের মুখে দাঁড়িয়ে সেই ফাঁপা প্রতিজ্ঞা ধূলিসাৎ হয়ে গেল। রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে বাধ্য হয়ে অবশেষে সেই সংবাদমাধ্যমেরই শরণাপন্ন হতে হচ্ছে কালীঘাটের দলনেত্রীকে, যাদের দিকে এতদিন তিনি বিষোদগার ছুড়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের নজিরবিহীন চাবুকের ঘায়ে দিশেহারা হয়ে তড়িঘড়ি শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছে কালীঘাট শিবির। রাজনৈতিক মহলের তীব্র কটাক্ষ, দেওয়ালে পিঠ না ঠেকলে অহংকার ভাঙত না তৃণমূল নেত্রীর। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর গদি মিডিয়ার বিরুদ্ধে বিজেপির দালালি করার একতরফা অভিযোগ তুলে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। সাফ জানিয়ে দিয়েছিলেন, এই সংবাদমাধ্যমের সঙ্গে তিনি আর কোনও সংস্রব রাখবেন না। তারপর টানা পাঁচ মাস ধরে তিনি কখনও সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সাহস দেখাননি, এড়িয়ে গিয়েছেন অপ্রিয় ও অস্বস্তিকর প্রশ্নবাণ। পরিবর্তে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে বেছে নিয়েছিলেন ফেসবুক লাইভের নিরাপদ আশ্রয়, যেখানে নিজের পছন্দমতো সাফাই গাওয়া যায় কিন্তু পালটা কোনও প্রশ্ন করার লোক থাকে না। এই পাঁচ মাসে রাজ্যে একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, নিজের দল তছনছ হয়ে গিয়েছে, শীর্ষ নেতাদের বিদ্রোহে কালীঘাটের ভিত নড়ে গিয়েছে। কিন্তু প্রতিটি সংকটেই নীরব থেকে কার্যত পলায়নপর ভূমিকা পালন করে গিয়েছেন তিনি। কখনও জনসমক্ষে এসে কঠিন সত্যের জবাব দেওয়ার সৎসাহস দেখাতে পারেননি।
অবশেষে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রহারে যাবতীয় অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল। বৃহস্পতিবার দলীয় প্রতীক ও নাম ব্যবহারের অধিকার কেড়ে নিয়ে কমিশন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শূন্য ধরিয়ে দিয়েছে। এরপরই আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় কালীঘাটের। সূত্রের খবর, কমিশনের নির্দেশ সামনে আসতেই রাতেই বন্ধ দরজার আড়ালে শুরু হয় হাহাকার আর জরুরি বৈঠক। সেখানেই উপলব্ধি হয় যে, ফেসবুকের একতরফা নাটক দিয়ে আর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা হয়ে পড়ে বাধ্য হয়েই শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে মুখরক্ষার ব্যর্থ চেষ্টা শুরু হয়েছে। একদিকে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আইনি কচকচানির ঢাল খোঁজা হচ্ছে, অন্যদিকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামছেন রাজনৈতিক সহানুভূতি কুড়নোর শেষ চাল হিসেবে। এদিকে নিজের তৈরি দল খোয়ানোর পর এখন ব্যক্তির ভাবমূর্তি আঁকড়ে বেঁচে থাকার চরম মরিয়া চেষ্টা শুরু করেছে কালীঘাট গোষ্ঠী। দলের আদর্শ ও নীতির ধার না ধেরে, সংগঠনকে বাঁচিয়ে রাখতে নির্লজ্জভাবে মমতার ব্যক্তিগত নামকেই ঢাল করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে দলের নতুন পরিচিতি হিসেবে যে তিনটি বিকল্প নাম জমা পড়েছে, তার প্রতিটিতেই মমতা নামটি সেঁটে দেওয়া হয়েছে। প্রস্তাবগুলি হল— ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল কংগ্রেস মমতা’। রাজনৈতিক পণ্ডিতদের স্পষ্ট মত, দল থেকে তৃণমূল শব্দ মুছে যাওয়ার ভয়ে এবং জনসমর্থন হারানোর আতঙ্কেই এই ব্যক্তিপূজার চূড়ান্ত অধ্যায় শুরু করেছে কালীঘাট। দলের নিচুতলার কর্মীদের ক্ষোভ ধামাচাপা দিতে এবং অবশিষ্ট কর্মীদের চোখে ধুলো দিতেই মমতার নামকে এভাবে ব্যবহার করা ছাড়া আর কোনও অস্ত্র অবশিষ্ট নেই তাদের হাতে। জোড়াফুল হারিয়ে শূন্যে ঝুলতে থাকা কালীঘাট শিবিরের এই জরুরি বৈঠক আসলে কোনও রণকৌশল নয়, বরং রাজনৈতিক দেউলিয়াপনার এক চরম বহিঃপ্রকাশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

