Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দুই গোল এগিয়েও জয় নয়! এএফসি অভিযানে ড্র দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

0 5,491

সঞ্জয় মিত্র : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ২০২৬-২৭ মরশুমের শুরুটা জয় দিয়ে হল না ইস্টবেঙ্গলের। বুধবার আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জর্ডানের ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র করল লাল-হলুদ শিবির। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। নবম মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। এডমুন্ড লালরিন্দিকার শট কোনওক্রমে ঠেকিয়েছিলেন আল হুসেইনের গোলরক্ষক। ফিরতি বলের সামনে ছিলেন ড্যানি রামিরেজ। কাছ থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার।গোল পাওয়ার পর আত্মবিশ্বাস আরও বাড়ে লাল-হলুদের। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে ইস্টবেঙ্গল। রামিরেজের নেওয়া কর্নার থেকে বক্সের মধ্যে সবচেয়ে উঁচুতে উঠে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন অনোয়ার আলি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। ঘরের মাঠে আল হুসেইন শুরু থেকেই চাপ বাড়াতে থাকে। সেই চাপের ফলও আসে দ্রুত। বক্সের ভিতর থেকে বাঁকানো শটে ইস্টবেঙ্গলের ব্যবধান কমিয়ে দেন আল হুসেইনের অধিনায়ক মাহমুদ আল মারদি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে থাকে জর্ডানের দল। একের পর এক আক্রমণে ইস্টবেঙ্গলের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে সমতা ফেরে। বদলি হিসেবে নামা ওবেইদা আল নামারনেহে ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস বাড়ান দূরের পোস্টে। সেখানে অপেক্ষায় ছিলেন আর এক বদলি আহমেদ আসাফ। সুযোগ হাতছাড়া করেননি তিনি। গোলরক্ষক প্রভসুখন গিলকে পরাস্ত করে ২-২ করেন স্কোরলাইন। শেষ মুহূর্তে জয়ের সুযোগ তৈরি করার চেষ্টা করেছিল দুই দলই। কিন্তু আর কোনও গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে। দুই গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া—তবু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মঞ্চে কঠিন অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই অভিযান শুরু করল লাল-হলুদ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper