AB Live News
ভোটের আগেই বড় ধাক্কা! ভাইপো আকাশকে দল থেকেই ছাঁটাই মায়াবতীর
শ্রীতমা ব্যানার্জী : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বহুজন সমাজ পার্টি বা বিএসপির সুপ্রিমো মায়াবতীর। নিজের ভাইপো আকাশ আনন্দকে দল থেকেই বহিষ্কার করলেন তিনি। শুধু দলীয় পদ নয়, এবার বিএসপি থেকেই আকাশকে সম্পূর্ণ সরিয়ে দিলেন মায়াবতী। তাঁর অভিযোগ, দলের স্বার্থের তুলনায় পারিবারিক স্বার্থ ও পদ ধরে রাখার প্রবণতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল।আকাশ আনন্দকে ঘিরে মায়াবতীর এই সিদ্ধান্ত অবশ্য আচমকা নয়। এর ঠিক আগেই আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থকে রাজনীতি থেকে অবসর নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিএসপি প্রধান। মায়াবতীর সেই নির্দেশ মেনে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানান অশোকও। আবেগঘন বার্তায় তিনি জানান, মায়াবতীর নির্দেশ তাঁর কাছে সবকিছুর ঊর্ধ্বে।এরপরই আসে আকাশকে দল থেকে বহিষ্কারের ঘোষণা। মায়াবতীর বক্তব্য, অশোক সিদ্ধার্থের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দেরিতে হলেও সঠিক পদক্ষেপ। তাঁর দাবি, এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া হলে বিএসপি, বহুজন সমাজ এবং আকাশ আনন্দ—সকলকেই একাধিক সমস্যার মুখে পড়তে হত না।মায়াবতী স্পষ্ট করে দিয়েছেন, বিএসপি আম্বেদকরের আদর্শ অনুসরণ করে এগিয়ে চলে। তাই দলকে শক্তিশালী করতে হলে ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। সেই কারণেই আকাশ আনন্দকে এবার দল থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।উল্লেখযোগ্যভাবে, এর আগেই গত সপ্তাহে আকাশকে বিএসপির জাতীয় সমন্বয়কারীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার সরাসরি দল থেকেই তাঁর বহিষ্কার রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। সামনেই ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে মায়াবতীর এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পারিবারিক দ্বন্দ্ব ও নেতৃত্বের অভ্যন্তরীণ টানাপোড়েন সরিয়ে বিএসপিকে নতুন করে সংগঠিত করার চেষ্টা করছেন মায়াবতী। একই সঙ্গে উত্তরপ্রদেশের রাজনীতিতে নিজের পুরনো প্রভাব আরও একবার প্রতিষ্ঠা করার লক্ষ্যও থাকতে পারে তাঁর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

