Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

মলে পুজোর ভিড়, তার আগেই দমকলের হানা,আগুন ঠেকাতে কড়া নজরদারি!

0 4,378,661

শ্রীতমা ব্যানার্জী : দুর্গাপুজো আসন্ন। আর পুজোর মরশুমে শহরের শপিং মলগুলিতে উপচে পড়ে ভিড়। সেই ভিড়ের কথা মাথায় রেখেই এবার বড়সড় নিরাপত্তা-অভিযানে নামল প্রশাসন। কলকাতা ও হাওড়ার একাধিক বড় শপিং মলে শুরু হল বিশেষ ফায়ার অডিট। বুধবার সকাল থেকেই দমকল ও পুলিশের যৌথ উদ্যোগে চলে এই তল্লাশি। মনি স্কোয়ার মল, সাউথ সিটি মল, ওয়েস্টসাইড এবং শিবপুরের অবনী মল—একাধিক মলে আচমকা পৌঁছে যান দমকল আধিকারিকরা। মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ ঠিকঠাক রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। 

নজরে ফায়ার অ্যালার্ম, এক্সিট গেট

শুধু অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে কি না, তা দেখেই থামেননি আধিকারিকরা। ফায়ার অ্যালার্ম, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বেরোনোর পথ এবং এন্ট্রি-এগজিট গেট—প্রতিটি ব্যবস্থাই পরীক্ষা করা হয়। আগুন বা অন্য কোনও বিপদে কয়েক হাজার মানুষ কীভাবে দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে পারবেন, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। বিশেষ নজর ছিল মলের ফুড কোর্টগুলিতেও। রান্নার সময় অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হচ্ছে কি না, রান্নাঘরে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রয়েছে কি না—তা খতিয়ে দেখেন দমকল আধিকারিকরা। 

পুজোর ভিড়ই বড় চিন্তা

দুর্গাপুজোয় কলকাতার মলগুলিতে কেনাকাটা ও ঘোরাঘুরির জন্য বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। ফলে কোনও অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি তৈরি হলে বিপদ কয়েক গুণ বেড়ে যেতে পারে। সেই কারণেই উৎসবের আগে নিরাপত্তার কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। এর আগে হোটেল ও গেস্ট হাউসগুলির নিরাপত্তা নিয়েও অভিযান চালানো হয়েছিল। মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় জনের মৃত্যু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন বাণিজ্যিক ও জনবহুল জায়গায় অগ্নিনিরাপত্তা নিয়ে আরও কড়া নজরদারি শুরু হয়েছে। পুজোর ভিড় যত বাড়বে, ঝুঁকিও তত বাড়বে—তাই উৎসব শুরুর আগেই মলগুলির ফায়ার সেফটি ব্যবস্থায় কোথাও গলদ আছে কি না, সেটাই এখন প্রশাসনের নজরে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper