AB Live News
আকাশজুড়ে কালো মেঘ, ফের বৃষ্টির চোখরাঙানি! ৫ জেলায় বড় সতর্কতা
শ্রীতমা ব্যানার্জী : বর্ষার মেজাজ যেন কিছুতেই বদলাচ্ছে না। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি, কখনও মেঘের গর্জন—তার মধ্যেই ফের রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়াও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাতের আশঙ্কা থাকছে। শুধু বৃষ্টি নয়, দুর্যোগের সঙ্গে বাড়তে পারে হাওয়ার দাপটও। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে খোলা জায়গায় থাকা, গাছের নীচে আশ্রয় নেওয়া কিংবা জলাশয়ের কাছে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। আবহাওয়ার এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং সংশ্লিষ্ট আবহাওয়া ব্যবস্থা। উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তও রয়েছে। এর প্রভাবে রাজ্যে আপাতত বর্ষার দাপট কমার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ফলে পুজোর আগে শরতের আকাশ পরিষ্কার হওয়ার বদলে আপাতত মেঘ-বৃষ্টির ছবিই আরও কিছুদিন বজায় থাকার সম্ভাবনা। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা মাঠ বা গাছের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগের সময়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াই সবচেয়ে জরুরি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

