Khabor Ekhon
ভাতায় বাড়তি জোর! দিব্যাঙ্গ মহিলাদের জন্য মাসে সাড়ে ৪ হাজারের ঘোষণা
শ্রীতমা ব্যানার্জী : পুজোর মুখে বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য বড় ঘোষণা। নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা দিব্যাঙ্গ মহিলারা এবার মাসে মোট সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সি বিশেষভাবে সক্ষম মহিলারা এই সুবিধা পাবেন। তাঁদের জন্য দেড় হাজার টাকা ভাতা এবং আরও ৩ হাজার টাকা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মাসে তাঁদের হাতে আসবে ৪,৫০০ টাকা। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যে প্রায় ১ লক্ষ ২৪ হাজার দিব্যাঙ্গ মহিলা এই সুবিধার আওতায় আসতে পারেন। পুজোর আগে এই ঘোষণাকে তাই সামাজিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।পাশাপাশি বিধবা ভাতা নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। বৃদ্ধ ও বিধবা ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলারা চাইলে বর্তমান বিধবা ভাতা ছেড়ে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনা-র জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। অর্থাৎ, একদিকে বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য মাসিক সহায়তা বাড়ল, অন্যদিকে বিধবা মহিলাদের সামনে আরও বেশি অঙ্কের আর্থিক সহায়তা বেছে নেওয়ার সুযোগ তৈরি হল। পুজোর আগে রাজ্য সরকারের এই ঘোষণাকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিশেষভাবে সক্ষম এবং বিধবা মহিলাদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে এই অতিরিক্ত সহায়তা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

