Khabor Ekhon
ক্যামাক কাণ্ডে সুপ্রিম ধাক্কা! কালীঘাট তৃণমূলের ভরসা এখন হাইকোর্ট
শ্রীতমা ব্যানার্জী : ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড-কাণ্ডে বড় ধাক্কা খেল ‘কালীঘাট তৃণমূল’। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের ওই শিবির। কিন্তু শীর্ষ আদালত এই মামলায় হস্তক্ষেপ করল না। বরং বিষয়টি ফের কলকাতা হাইকোর্টেই পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, মামলার সমস্ত অভিযোগ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য কলকাতা হাইকোর্টে শুনে দ্রুত নিষ্পত্তি করতে হবে। ফলে ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড ঘিরে যে আইনি টানাপোড়েন তৈরি হয়েছিল, আপাতত তার পরবর্তী সিদ্ধান্তের ভার হাইকোর্টের হাতেই।ঘটনার সূত্রপাত ক্যামাক স্ট্রিটে তৃণমূলের একটি অফিসে থাকা বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে। কলকাতা পুরসভার আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে সেই বিলবোর্ড সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগও ওঠে। এই ঘটনায় একাধিক মামলা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর বিষয়টি কলকাতা হাইকোর্টে যায়। সেখানে ‘কালীঘাট তৃণমূল’-এর তরফে একাধিক আবেদন জানানো হয়েছিল। সরিয়ে দেওয়া সাইনবোর্ড আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, ঘটনাস্থলে উপস্থিত পুরসভা ও কলকাতা পুলিশের আধিকারিকদের মামলায় পক্ষভুক্ত করা এবং ভবিষ্যতে নোটিস ছাড়া এই ধরনের পদক্ষেপ রুখতে অন্তর্বর্তী নির্দেশ চাওয়া হয়েছিল। হাইকোর্ট সেই পর্যায়ে হস্তক্ষেপ করেনি। হাইকোর্টের সেই অবস্থানকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। কিন্তু সেখানেও আপাতত কোনও স্বস্তি মিলল না। শীর্ষ আদালত মামলাটি হাইকোর্টে ফিরিয়ে দিয়ে দ্রুত শুনানি ও নিষ্পত্তির পরামর্শ দিয়েছে।ফলে ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্ক এখন ফের কলকাতা হাইকোর্টের এজলাসে। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই আদালতের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে দুই পক্ষই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

