Khabor Ekhon
আরজি করের ‘দাহ-রহস্যে’ তৃতীয় গ্রেফতার! বেঙ্গালুরু থেকে ধৃত সোমনাথ দে
শ্রীতমা ব্যানার্জী : আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর তাঁর দেহ তড়িঘড়ি দাহ করার অভিযোগের তদন্তে বড়সড় অগ্রগতি। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে। রাজ্য পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীদের অভিযোগ, ২০২৪ সালের আগস্টে আরজি করের তরুণী চিকিৎসকের দেহ পানিহাটির শ্মশানে নিয়ে গিয়ে দ্রুত দাহ করার ঘটনায় সোমনাথ দে-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই তড়িঘড়ি দাহের নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না এবং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট বা আড়াল করার চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এই মামলায় সোমনাথ দে-কে তৃতীয় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।নতুন করে তদন্ত শুরু হওয়ার পর তিনজনের নামেই খড়দহ থানায় FIR দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তি ছিল মৃত চিকিৎসকের বাবার করা নতুন অভিযোগ। এরপর থেকেই তিন অভিযুক্তই আত্মগোপনে ছিলেন। প্রথমে নির্মল ঘোষ ও পরে সঞ্জীব মুখোপাধ্যায় পুলিশের হাতে ধরা পড়েন। এবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার হলেন সোমনাথ দে।পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে গ্রেফতারের পর সোমনাথ দে-কে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। এরপর তাঁকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানাতে পারে বলে জানা যাচ্ছে।
কেন এত গুরুত্বপূর্ণ এই গ্রেফতার?
আরজি কর কাণ্ডের মূল অপরাধের পাশাপাশি মৃতদেহ দ্রুত দাহ করা এবং সেই সময়কার ঘটনাপ্রবাহ নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল। পুলিশের নতুন তদন্তে এখন মূল নজর—
কে দ্রুত দাহের সিদ্ধান্ত নিয়েছিল?
কার নির্দেশে বা কার উপস্থিতিতে গোটা প্রক্রিয়া এগিয়েছিল?
দাহের আগে ও পরে কী কী ঘটেছিল?
এবং কোনও গুরুত্বপূর্ণ প্রমাণ কি এর ফলে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল?
সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদে এই প্রশ্নগুলির উত্তর মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। আরজি কর কাণ্ডে নতুন করে শুরু হওয়া এই তদন্তে একের পর এক গ্রেফতার ঘিরে ফের সামনে এসেছে সেই পুরনো প্রশ্ন—তরুণী চিকিৎসকের মৃত্যুর পর ঠিক কী ঘটেছিল, আর তাঁর দেহ দ্রুত দাহ করার সিদ্ধান্তের পিছনে আসল কারণ কী ছিল?
এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই পুলিশের মুখোমুখি সোমনাথ দে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

