Khabor Ekhon
তারিখহীন প্যাকেট, শক্ত হয়ে জমাট মাংস! বিগ বসএর রান্নাঘরে কেএমসি-র হানায় চাঞ্চল্য
রাজনন্দিনী ঘোষ :: রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে আপনার পাতে কী উঠছে? প্রশ্নটা আরও গুরুতর হয়ে উঠল ট্যাংরায় কলকাতা পুরসভার অভিযানের পর। জনপ্রিয় চাইনিজ রেস্তোরাঁ ‘বিগ বস’-এ কেএমসি-র ফুড সেফটি শাখার হানায় উদ্ধার প্রায় ৫০০ কেজি কাঁচা চিকেন ও চিংড়ি। অভিযোগ, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল না প্যাকেজিং বা এক্সপাইরি ডেট -এর কোনও ট্যাগ। কয়েকটি প্যাকেট এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সেগুলি প্লাস্টিক থেকে বের করতেও সমস্যায় পড়েন আধিকারিকরা।
‘মাসের পর মাস ফ্রিজে?’উঠল বিস্ফোরক প্রশ্ন
কেএমসি আধিকারিকদের দাবি, কিছু মাংসের অবস্থা দেখে মনে হয়েছে সেগুলি দীর্ঘদিন ধরে হিমায়িত অবস্থায় ছিল। তবে ঠিক কতদিন সেগুলি সংরক্ষণ করা হয়েছিল, তা পরীক্ষার রিপোর্টের পরই স্পষ্ট হবে। অভিযানে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বাকি প্রায় ৫০০ কেজি খাদ্যসামগ্রী ধাপায় নিয়ে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে নষ্ট করা হয়েছে বলে কেএমসি সূত্রে খবর।
লাইসেন্সে ‘লক’! সাময়িক বন্ধ বিগ বস
অভিযানের পরই রেস্তোরাঁটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। সাময়িকভাবে লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএমসি সূত্রে দাবি, খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের ক্ষেত্রে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে লাইসেন্সও স্থগিত করা যেতে পারে।
মালিকের পাল্টা দাবি
তবে দীর্ঘদিন ধরে চিকেন বা মাছ মজুত রাখার অভিযোগ মানতে নারাজ রেস্তোরাঁর এক মালিক। তাঁর দাবি, রেস্তোরাঁয় প্রতিদিন বিপুল পরিমাণ খাবার বিক্রি হয়।তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০-৬০ কেজি চিকেন এবং ২০-৩০ কেজি মাছ ব্যবহার হয়। সপ্তাহান্তে চাহিদা আরও বেড়ে যায়।
শুধু ট্যাংরা নয়—রাজ্যজুড়ে ‘ফুড সেফটি হান্ট’
বিগ বস-এ অভিযানের পাশাপাশি কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় একযোগে চলে খাদ্য নিরাপত্তা অভিযান। রেস্তোরাঁ, মিষ্টির দোকান, বেকারি—সব জায়গাতেই নজরদারি চালানো হয়। হুগলির আরামবাগে একটি মিষ্টির দোকানে গিয়ে আধিকারিকদের চোখে পড়ে আরও চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, হোলির গুলালকে খাদ্যোপযোগী রং হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ওই সামগ্রী উদ্ধার করে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খাদ্য নিরাপত্তা দফতর সূত্রে জানা গিয়েছে।
মধ্যমগ্রামেও ‘পচা মাংস’ কাণ্ড
এর আগের দিনই মধ্যমগ্রামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ফ্রিজ থেকে পচা কাঁচা চিকেন উদ্ধারের অভিযোগ উঠেছিল। পরপর অভিযানে একের পর এক অনিয়ম সামনে আসায় প্রশ্ন উঠছে—রেস্তোরাঁর রান্নাঘরের ফ্রিজে আদৌ কী সংরক্ষণ করা হচ্ছে?
তদন্তের পরবর্তী ধাপ কী?
এখন নজর পরীক্ষাগারের রিপোর্টে। উদ্ধার হওয়া চিকেন ও চিংড়ির নমুনায় কী পাওয়া যায়, সেগুলি কতদিন সংরক্ষিত ছিল এবং খাদ্য নিরাপত্তার নিয়ম কতটা লঙ্ঘিত হয়েছে—সেই উত্তরই দিতে পারে পরবর্তী তদন্ত। একদিকে ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় রেস্তোরাঁ, অন্যদিকে ফ্রিজ থেকে উদ্ধার ৫০০ কেজি খাদ্যসামগ্রী, কেএমসি -র অভিযানের পর ট্যাংরার খাবারের বাজারে এখন একটাই প্রশ্ন: প্লেটে যাওয়ার আগে খাবারের নিরাপত্তা কে নিশ্চিত করবে?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

